
অস্ত্রপচারের ধকল নিয়েই দলীয় কর্মসূচিতে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৩:২৫

মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সময় সংবাদ
গণভোটের জনরায় মেনে না নিলে বিএনপিকে ’৯৬-এর পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের পদক্ষেপের মধ্যে বৈপরীত্য, দ্বিচারিতা এবং ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা চলছে, যা জাতিকেও অস্বস্তিতে ফেলছে৷ সৌদি আরবে দুজনার মৃত্যুদণ্ডের বিষয়ে উদ্ভূত পরিস্থিতি সরকারের কূটনৈতিক ব্যর্থতার পরিচায়ক।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতসহ ১১ দলই শুধু জুলাইকে ধারণ করে বিধায় আমরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। জুলাই সনদকে ধারণ না করে অভ্যুত্থানবিরোধী অবস্থান নিয়েছে সরকার। সারা দুনিয়ায় জুলাই অভ্যুত্থানকে পরিচিত করেছে জামায়াতে ইসলামী। তবে কোনো দলের প্রয়োজন নেই সংবিধান সংস্কারে, কারণ জাতি গণভোটের মাধ্যমে পথ দেখিয়ে দিয়েছে।
জামায়াতের এ নেতা বলেন, সরকার সংবিধানকে যেভাবে সংশোধন করছে, তাতে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ সম্ভব নয়৷ সরকারি অনুষ্ঠানে বিরোধী দলকে ছোট করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়, যা ন্যায়সঙ্গত নয়৷ সরকার একদলীয় ব্যবস্থা কায়েমের মাধ্যমে স্বৈরাচারী অবস্থা সৃষ্টি করছে৷ নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী দলের ওপর দায় চাপানোর রাজনীতি করছে।
আওয়ামী লীগের অপকর্মের ধারাবাহিকতা রক্ষা করে বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির যেসব নেতাকর্মী ধানক্ষেতে লুকিয়ে ছিলেন, তাদের মতামত নিলেও বিএনপি মহাসচিব জানতে পারবেন ফ্যাসিবাদ কাকে বলে।
জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক জোট করেনি জানিয়ে তিনি বলেন, গণভোটের জনরায় মেনে না নিলে বিএনপিকে ’৯৬-এর পরিণতি ভোগ করতে হতে পারে।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার বিভিন্ন জায়গায় কুরআনের তাফসির মাহফিল বন্ধের মাধ্যমে ইসলামবিরোধী অবস্থান নিচ্ছে। বরাদ্দে বিরোধী দলকে বঞ্চিত করে জনগণের অধিকার হরণ করছে সরকার।