
সংবিধান সংশোধনের বৈঠক, পরস্পরের সমালোচনায় গণঅভ্যুত্থানের ছাত্র নেতারা
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:২৭

সংবিধান রক্ষার জন্যই জুলাই-আগস্টে শিক্ষার্থী, শিশু ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি সংগৃহীত
যারা সংবিধান ছুড়ে ফেলার চিন্তা করেন, তারা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা চায়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংবিধান রক্ষার জন্যই জুলাই-আগস্টে শিক্ষার্থী, শিশু ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, অনেকে হয়েছেন পঙ্গু। কিন্তু যারা সংবিধান ছুড়ে ফেলার চিন্তা করেন, তারা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা চায়নি।
অনুষ্ঠানে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি। জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক।
মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন বিচারব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত সভায় আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ, সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।