
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২২

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: আনাদোলু
যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের দাবি ও শর্ত জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে ইরান। ওয়াশিংটনকেই এখন পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। এমনটা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (১১ নভেম্বর) আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গালিবাফ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের দাবিসংবলিত স্পষ্ট ও স্বচ্ছ জবাব দিয়েছি। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিয়ে তা ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে তেহরানের অগ্রাধিকার হবে শান্তি প্রতিষ্ঠা। কয়েক মাস ধরে চলা যুদ্ধ অব্যাহত রাখতে চায় না ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে পরাজয়ের মুখে পড়তে হবে।
গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল নতুন করে যুদ্ধ শুরু করলে উভয়ের বিরুদ্ধেই লড়বে ইরান এবং যেকোনো হামলার জবাব দেয়া হবে। সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছে।
গালিবাফ জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরানের সাতটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে:
- যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার।
- জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ছাড়।
- প্রতিরোধ ফ্রন্টসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ।
- শুধু যুদ্ধবিরতি নয়, ইরানের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
- ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা।
তিনি বলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে এসব দাবি অন্তর্ভুক্ত রয়েছে। কার্যকর আলোচনা শুরুর আগে আস্থা ফিরিয়ে আনতে এসব শর্ত বাস্তবায়ন জরুরি।
গালিবাফ আরও বলেন, যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আর ফিরে যাবে না। এ জলপথে ভবিষ্যতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতার অংশ।
তার দাবি, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে। বিষয়টি ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনাতেও রয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নৌ অবরোধের মাধ্যমে খাদ্য সরবরাহ সীমিত করা এবং বাণিজ্য ও স্বাস্থ্যসেবা ব্যাহত করার অভিযোগও করেন তিনি।
গালিবাফ বলেন, যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটাতে বদ্ধপরিকর ইরান। আলোচনা কিংবা দীর্ঘমেয়াদি প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে এ পরিস্থিতির অবসান চায় তেহরান।
তিনি নিশ্চিত করেন, ইরানের আলোচক দলে কোনো পরিবর্তন আসেনি এবং তিনিই এখনো আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ছয় সদস্যের একটি কমিটি আলোচনা পরিচালনা করছে। এতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও রয়েছেন।
তার ভাষ্য, যুক্তরাষ্ট্র আগের সমঝোতাগুলো মেনে চললে এবং আস্থার পরিবেশ নষ্ট করে এমন পদক্ষেপ থেকে বিরত থাকলে চুক্তি সম্ভব। তবে সমঝোতার প্রধান বাধা হলো ওয়াশিংটনের প্রতি তেহরানের অনাস্থা এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি।
গালিবাফের আরও দাবি, মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর বিষয়ে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ইরান ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানো সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
প্রাসঙ্গিক: