
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দিচ্ছেন কারা, যা বলছে ফাঁস হওয়া নথি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩

শীত মৌসুমে ইউক্রেনের বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দেশটিকে অতিরিক্ত ২০ কোটি ইউরো বা ২২ কোটি ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জার্মানি। শুক্রবার (১৩ নভেম্বর) বার্লিনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জার্মান পার্লামেন্টের বাজেট কমিটি এই তহবিল অনুমোদন করেছে। কিয়েভের বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ ব্যবস্থায় রুশ বাহিনীর জোরালো হামলার মুখে যখন লাখ লাখ বেসামরিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, ঠিক তখনই এই সহায়তার ঘোষণা দিল বার্লিন।
এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় হামলা চালানোর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করতেই মস্কো এই কৌশল নিয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার এই হামলা থেকে একটি বিষয়ই স্পষ্ট, গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার পথে না হেঁটে মস্কো মনে করছে শীতের তীব্রতা তাদের পক্ষে কাজ করবে। তবে পুতিনের এই হিসাব ব্যর্থ হবে, কারণ তিনি ইউক্রেন ও তার মিত্রদের সহনশীলতাকে বরাবরই খাটো করে দেখছেন।’
এদিকে, জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান জানিয়েছেন, বেসামরিক অবকাঠামো রক্ষা, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে বার্লিনের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমাদের এই সহায়তা শুধু সংহতির প্রতীক নয়, বরং ইউরোপের নিরাপত্তায় একটি বড় অবদান। এর মাধ্যমে ইউক্রেনীয়রা যেন নিজ দেশে বসবাস চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে। এই যুদ্ধ ও ভোগান্তি অবশ্যই বন্ধ হতে হবে। এক্ষেত্রে জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতি হতে পারে প্রথম পদক্ষেপ।’
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভের অন্যতম বৃহৎ দাতা দেশ হিসেবে পাশে রয়েছে জার্মানি। সরকারি হিসাব অনুযায়ী, বার্লিন এ পর্যন্ত ইউক্রেনকে বেসামরিক খাতে ৪ হাজার ৫৭০ কোটি ইউরোর বেশি (৫ হাজার ৫০ কোটি ডলার) এবং সামরিক খাতে প্রায় ৫ হাজার ৭৮০ কোটি ইউরো (৬ হাজার ৩৯০ কোটি ডলার) সহায়তা দিয়েছে বা বরাদ্দ রেখেছে।
সব মিলিয়ে দেশটির মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৩৫০ কোটি ইউরো (১১ হাজার ৪৫০ কোটি ডলার)। বেসামরিক সহায়তার এই অঙ্কের মধ্যে জার্মানিতে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। আর সামরিক সহায়তার হিসাবে ইতিমধ্যে সরবরাহ করা অস্ত্রের পাশাপাশি আগামী বছরগুলোর প্রতিশ্রুত সহায়তাও যুক্ত করা হয়েছে।
সূত্র: এএফপি
প্রাসঙ্গিক: