
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দিচ্ছেন কারা, যা বলছে ফাঁস হওয়া নথি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৫:১৩

ইউক্রেনের ছোড়া প্রায় ১ হাজার ২০০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের চালানো অন্যতম বৃহৎ এই ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
পঞ্চম বছরে গড়াতে যাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিবিড় কূটনৈতিক তৎপরতার ঠিক একদিন পরই এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠক শেষে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার উদ্দেশ্যে আয়ারল্যান্ডের ডাবলিনে উড়াল দেন।
শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘গত রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার ১৫টিরও বেশি অঞ্চলের আকাশ থেকে ১ হাজার ১৯৮টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকার একটি শিল্পাঞ্চলে হামলায় চারজন শ্রমিক নিহত হয়েছেন। শিল্পাঞ্চলটিতে একটি তেল শোধনাগার ও রাসায়নিক কারখানা রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার পুতিন যখন মস্কোয় মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছিলেন, ঠিক তখনই ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরক ড্রোন হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত একজন নিহত হন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে মস্কোর যুদ্ধ তহবিল ও রাজস্ব আয় কমিয়ে দিতে গত ১৮ মাস ধরে রুশ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশবাসীকে অন্ধকারে রাখতেই রাশিয়া তাদের বিদ্যুৎ গ্রিড লক্ষ্য করে আকাশপথে হামলা চালাচ্ছে।
প্রাসঙ্গিক: