
বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে এই তরুণী?
আন্তর্জাতিক
আবদুল আজিজ জুয়েল
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২২:৯

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রকৃত ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা 'রসস্ট্যাট' -এর ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা গেছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত ৪ লাখ ৫০ হাজার রুশ নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই সেনাসদস্য।
হ্যাকারদের হাতে ফাঁস হওয়া এই নথিতে দেখা গেছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন দেশের ৪ হাজারেরও বেশি বিদেশি নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে নেপাল, উজবেকিস্তান, তাজিকিস্তান, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা রয়েছেন।
বেলারুশের হ্যাকার গ্রুপ ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে রসস্ট্যাটের নেটওয়ার্কে হানা দিয়ে এসব নথি সংগ্রহ করে। গত ১ নভেম্বর তারা এ তথ্য প্রকাশ করে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নথিগুলো সরবরাহ করে।
রসস্ট্যাট কর্তৃপক্ষ অক্টোবর মাসের শেষ দিকে সাইবার হামলার শিকার হওয়ার কথা স্বীকার করলেও কোনো তথ্য ফাঁসের বিষয়টি নাকচ করে দিয়েছে। তবে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ফাঁস হওয়া এই ডেটাবেজটি শতভাগ আসল। সাম্প্রতিক বছরগুলোতে মারা যাওয়া যেকোনো পরিচিত ব্যক্তির নামই এই তালিকায় পাওয়া যাচ্ছে।
রাশিয়া কখনোই তাদের সামরিক ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করে না। দেশটিতে মৃত্যুর নথিপত্র নিবন্ধন হতে কয়েক মাস এমনকি বছরও লেগে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর অনুসন্ধান বলছে, দেরিতে জমা হওয়া কাগজপত্র যোগ করলে আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে গিয়ে ঠেকবে।
ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, সরাসরি যুদ্ধের কারণে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে মরদেহ খুঁজে না পাওয়ায় আদালতের মাধ্যমে মৃত ঘোষণা করা হয়েছে আরও ৪২ হাজার মানুষকে। এর বাইরে সম্মুখসারিতে নিহত আরও ১২ হাজার পুরুষের তথ্য শনাক্ত করেছে এফটি।
নথি অনুযায়ী, যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইগুলো হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে। এর মধ্যে আভদিভকা এবং পোকরভস্ক এলাকায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালে আভদিভকা এবং চলতি বছরের (২০২৬) শুরুতে পোকরভস্ক দখল করে নেয় রুশ বাহিনী। এছাড়া বাখমুত শহরে নিহত হয়েছেন আরও ৪৮ হাজার সেনা।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধে নিহত রুশ সেনাদের গড় বয়স বাড়ছে। যুদ্ধের প্রথম বছর নিহতদের গড় বয়স ৩৪ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী পুরুষের সংখ্যাই সবচেয়ে বেশি (১ লাখ ৫৮ হাজার)।
নিহতদের একটি বড় অংশ রাশিয়ার দরিদ্র এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে আসা। যেমন—দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠী অধ্যুষিত জাবাইকালস্কি ক্রাই অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন, যা ওই অঞ্চলের প্রতি ৮০ জনে একজন। এছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে মারা গেছেন ১৫ হাজার ৮০০ জন।
ফিন্যান্সিয়াল টাইমসের হিসাবে, নিহতদের মধ্যে ৪ হাজার ১৪১ জন বিদেশি নাগরিক। তবে ব্লুমবার্গ নিউজের হিসাবে, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া এমন নিহত যোদ্ধার সংখ্যা ১১ হাজার ৩৩৫ জন।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮০৭ জন মারা গেছেন উজবেকিস্তানের। এরপরই রয়েছে তাজিকিস্তান (৫৯৮ জন), কলম্বিয়া (৯৮ জন) এবং নেপাল (৪৪ জন)। এছাড়া নাইজেরিয়া, ক্যামেরুন ও মিসরসহ আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
বর্তমানে ১৩৬টি দেশের প্রায় ২৮ হাজার বিদেশি নাগরিক রুশ সেনাবাহিনীতে কাজ করছেন বলে ধারণা করা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে, ভালো বেতনের সাধারণ চাকরির প্রলোভন দেখিয়ে ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের রাশিয়ায় নিয়ে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার এক যুবক পোল্যান্ডে ট্রাক চালানোর চাকরির জন্য আবেদন করেছিলেন। তাকে মস্কোতে ডেকে নিয়ে পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। কেনিয়ার নাগরিকদেরও মাসে প্রায় ২ হাজার ৭০০ ডলার বেতন ও মোটা অঙ্কের বোনাসের লোভ দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাশিয়া জোরপূর্বক নিয়োগের অভিযোগ অস্বীকার করেছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা 'ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' (আইএসডব্লিউ) জানিয়েছে, এই বিপুল প্রাণহানি প্রমাণ করে যে রাশিয়া বর্তমানে তীব্র জনবল সংকটে ভুগছে। গত জুলাই মাস থেকে রাশিয়ায় নতুন সেনা নিয়োগের চেয়ে যুদ্ধে হতাহতের সংখ্যা বেশি হচ্ছে।
বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে মস্কো টাইমসকে বলেন, নিহত এই সংখ্যা রাশিয়ার কর্মক্ষম জনসংখ্যার প্রায় অর্ধেক শতাংশ। অর্থনীতিতে এর প্রভাব খুব বেশি না পড়লেও রাজনৈতিকভাবে এটি পুতিন প্রশাসনের জন্য বড় ধাক্কা। তার মতে, যে হারে রাশিয়া তাদের জনসংখ্যা হারাচ্ছে, তাতে কোনোভাবেই বলা যায় না যে তারা এই যুদ্ধে জিতছে।
সূত্র: আল জাজিরা
প্রাসঙ্গিক: