
ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৮:১৬

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যেন অভিবাসীদের ঢল নেমেছে। ছবি: আনাদোলু
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যেন অভিবাসীদের ঢল নেমেছে। দ্বীপপুঞ্জে এক রাতেই এক হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করে উপকূলে নিয়ে এসেছেন উদ্ধারকর্মীরা। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
উদ্ধারকারী সংস্থা সালভামেন্তো মারিতিমোর বরাতে স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত এল হিয়েরো, গ্রান ক্যানারিয়া ও লানজারোতে অন্তত ১ হাজার ২১ জনকে উদ্ধার করে উপকূলে আনা হয়েছে।
তাদের অধিকাংশকেই নিয়ে যাওয়া হয়েছে এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৫০০ মানুষের বসবাস এই দ্বীপে। বিপুলসংখ্যক অভিবাসীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ছোট দ্বীপটির প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভও করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। পরিস্থিতির আরও অবনতি হতে পারে সতর্ক করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি।
অভিবাসীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক হিসাবের মধ্যে কয়েকটি নৌকার যাত্রীসংখ্যা নিশ্চিত না হওয়ায় সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া এল হিয়েরোর কাছে আরও দুটি নৌযানকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন উদ্ধারকর্মীরা।
নভেম্বরের প্রথম পাঁচ দিনেই ৩ হাজার ২০০-এর বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জনই এসেছেন এল হিয়েরোতে। ইএফইর হিসাব অনুযায়ী, তাদের মধ্যে ৩০৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১টি শিশু রয়েছে। অধিকাংশ অভিবাসীই আফ্রিকার সেনেগালের।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৬ হাজার ১৯৪ জন অভিবাসী। গত বছরের একই মাসের তুলনায় এ সংখ্যা প্রায় পাঁচ গুণ।
তবে সাম্প্রতিক এই ঢল সত্ত্বেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৩ হাজার ৩২৭ জন অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা কিছুটা কম। ২০২৪ সালে একই সময়ে এসেছিলেন ৩৪ হাজার ৮৭ জন এবং ২০২৩ সালে ৩০ হাজার ৪২৫ জন।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি