
অর্থনীতির চাকা সচল রাখতে সব পদক্ষেপ নিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০

ফাইল ছবি
প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রফতানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রফতানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারে রফতানি প্রবৃদ্ধি পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কে রফতানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
সম্প্রতি রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রফতানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রফতানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল কাজে লাগাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নতুন বাজার অনুসন্ধান, রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থানে নেয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রফতানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
তুরস্কের বাজারে রফতানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রফতানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। ফলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে তুরস্কের অংশীদারত্বও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ে এ বাজারে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। মোট অপ্রচলিত বাজারে রফতানির ১৮ দশমিক ৪৪ শতাংশই গেছে জাপানে।
এছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রফতানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রফতানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।
শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রফতানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রফতানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রফতানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রফতানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
শুধু অক্টোবরের হিসাবেও নতুন বাজারে রফতানির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রফতানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।
অক্টোবরে তুরস্কে রফতানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। মাসভিত্তিক রফতানিতে জাপানের পরই তুরস্কের অবস্থান। এ মাসে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।
একই সময়ে অস্ট্রেলিয়ায় রফতানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রফতানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাজারে রফতানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রফতানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রফতানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।
প্রাসঙ্গিক: