
জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
অর্থ-বাণিজ্য
অন্তরা সেন
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। ছবি: সময় সংবাদ
দুর্দিনের ভরসা জোগাতে একটু একটু করে সঞ্চয় করেন নিম্নআয়ের মানুষ। কিন্তু সেই সঞ্চয়ের সুদের ওপরই ১০ শতাংশ কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব বাড়ানোর এই উদ্যোগে প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তা আরও দুর্বল হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।
ময়মনসিংহ থেকে ৪০ বছর আগে ঢাকায় আসা হাবিবুর রহমানের জীবন চলছে ভ্যানে সবজি বিক্রি করে। ব্যবসার জন্য ক্ষুদ্রঋণ নিতে যেটুকু সঞ্চয় করেন, প্রয়োজনের তাগিদে সেটুকুও ঠিকঠাক রাখতে পারেন না নিজের কাছে।
হাবিবুর রহমান বলেন,
টাকা জমাই, কিন্তু রাখতে পারি না। সঞ্চয় করি বিপদের জন্য। কিন্তু বছর শেষে ঋণ দেয়া হলে সেটাও সঙ্গে তুলে নিয়ে আসতে হয়।
চাকরি চলে যাওয়ার পর অজুফা নামে এক নারীর স্বামীও একটি এনজিও থেকে ঋণ নিয়ে শুরু করেন ব্যবসা। কিস্তি শোধ আর দৈনন্দিন খরচ মিটিয়ে সঞ্চয় করা টাকা জমা রাখেন ওই প্রতিষ্ঠানেই।
অজুফা বলেন, ‘প্রতি মাসে নির্ধারিত কোনো টাকা জমা করি না। এক হাজার বা দেড় হাজার টাকা, সম্ভব হলে দুই হাজার টাকা দিই। ছোট ছোট দুটি বাচ্চা আছে। ভবিষ্যতে বিপদ আসবে কি না, তা তো বলা যায় না। সেই চিন্তা করেই টাকাটা জমাচ্ছি।’
প্রাসঙ্গিক:
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অজুফার মতো গ্রাহকরা সঞ্চয়ের ওপর এত দিন ৬ শতাংশ হারে সুদ পেয়ে আসছিলেন। এই সুদের ওপর আগে কোনো কর দিতে না হলেও এখন থেকে সুদের টাকার ওপরও ১০ শতাংশ হারে উৎসে কর দেয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে এনবিআর। এমনকি গেল দুই অর্থবছরে ক্ষুদ্র সঞ্চয়ের ওপর দেয়া সুদের উৎসে কর কেটে একসঙ্গে জমা দিতে বলেছে সংস্থাটি।
ক্ষুদ্রঋণ কার্যক্রম তদারককারী সরকারি প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) তথ্য, বাংলাদেশে বর্তমানে ৬ শতাধিক ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, যাদের সদস্যসংখ্যা সাড়ে ৪ কোটির বেশি। ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এমন সিদ্ধান্তে আরও চাপে পড়বে প্রান্তিক জনগোষ্ঠী।
ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক (অ্যাডভোকেসি, কমিউনিকেশন অ্যান্ড এনগেজমেন্ট) কে এ এম মোর্শেদ বলেন, ‘অনেকের জন্য এই সঞ্চয়টা এক ধরনের ইন্স্যুরেন্স। তাদের সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা, তাদের টিআইএন নেই। আর ২০ হাজার টাকা কিন্তু তাদের সম্পদের পরিমাণ না। মাইক্রোফাইন্যান্সে যখন আপনি কোনো ঋণ নিতে যান, তখন আপনাকে জমা দেখাতে হবে। সুতরাং, তাদের বেশির ভাগেরই নেট অ্যাসেট নেগেটিভ।’
সরকার যেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে, সেখানে ক্ষুদ্র সঞ্চয়কারীদের কাছ থেকে উৎসে কর কেটে নেয়ার উদ্যোগকে সাংঘর্ষিক বলে মনে করছে এমআরএ।
সংস্থাটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,
প্রান্তিক মানুষের আয় কীভাবে বাড়ানো যায় এবং আয়বৈষম্য কীভাবে কমানো যায়, বর্তমান সরকার কিন্তু সেটার ওপর জোর দিচ্ছে। সেদিক থেকে এ ট্যাক্স সাংঘর্ষিক হয়ে যায়। আমি রেগুলেটরি বডি থেকে এরই মধ্যে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, এটি পুনর্বিবেচনা করার জন্য।
প্রতিদিনের আয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলে যাদের সংসার, তাদের কাছে কয়েকশো টাকা সঞ্চয়ও যেন দুর্দিনের জন্য জমিয়ে রাখা একমুঠো সাহস। তাই সেই সঞ্চয়ের সুদে করের ভাগ বসলে ছোট হয়ে আসতে পারে অনিশ্চিত জীবনে নিরাপত্তার শেষ সম্বল। রাজস্বের খাতায় কিছু অর্থ যোগ করতে গিয়ে যেন কোটি মানুষের ভবিষ্যতের নিরাপত্তায় টান না পড়ে, সেদিকে নজর দেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।