
চলছে ‘সংহতির জন্য কনসার্ট’, হাজারো সংগীতপ্রেমীর ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৮:১১

বিকেল ৪টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। ছবি: সময় সংবাদ
সঙ্গীত শুধু বিনোদন নয়, কখনো হয়ে ওঠে মানুষের আবেগ, জাতীয় সংহতি ও দেশপ্রেমের ঐকতান। সেই ভাবনা থেকেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’।
এদিন বিকেল ৪টায় শুরু হয়ে প্রায় সাত ঘণ্টা চলবে এই আয়োজন। সবার জন্য উন্মুক্ত কনসার্টে কোনো প্রবেশমূল্য থাকছে না। আয়োজনটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।
দেশের সাত জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স—এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে। আয়োজনটির সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আয়োজকদের প্রত্যাশা, সঙ্গীতের শক্তিতে তৈরি হবে সৌহার্দ্য, সম্প্রীতি ও সংহতির এক অনন্য পরিবেশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কনসার্টের প্রস্তুতি দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে আসেন সময় সংবাদের সিইও জুবায়ের বাবু। তিনি বলেন, ‘সাত নভেম্বরে সাতটি ব্যান্ড সাত ঘণ্টা সঙ্গীত পরিবেশন করবে। আশা করছি, এখানে সাত লাখ দর্শকের সমাগম ঘটবে। সুতরাং এটা একটা মহাযজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘বিপ্লব ও সংহতি যেমন হারায় না, তেমনি সঙ্গীতও হারায় না। সঙ্গীতের মাধ্যমেই আমরা সবচেয়ে বেশি সংহতি প্রকাশ করতে পারি। তাই বিপ্লব ও সংহতি প্রকাশের জন্য এই কনসার্টের আয়োজন।’
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘যে লাইনআপ এখানে পারফর্ম করবে, এর আগে কখনো এমন লাইনআপ হয়নি। ফলে এটা নিয়ে শ্রোতা-দর্শকদের প্রত্যাশা অনেক। একটি সফল আয়োজন হবে বলে আশা করি।’