
পাঁজরের পাঁচটি হাড় ভাঙার পর কেমন আছেন অভিনেতা টিনু আনন্দ?
বিনোদন
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। ছবি: সংগৃহীত
যার নতুন বইয়ের অপেক্ষায় থাকতো পাঠক, মানুষের খুব সাধারণ জীবনকে লেখনীর মাধ্যমে অসাধারণ করে ফুটিয়ে তুলেছেন যিনি, সেই কথার জাদুকর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ।
কিছু মানুষ গল্প লেখেন, আর কিছু মানুষ যেনো নিজেই হয়ে ওঠেন একেকটি গল্প। বাংলা সাহিত্যে এমনই একজন তিনি মায়াবী গল্পকার যার কলমে বৃষ্টি কথা বলে, জোছনা হয়ে ওঠে জীবনের উপমা, আর কাল্পনিক চরিত্রেরা মিশে যায় বাস্তব মানুষের অনুভূতিতে। যিনি পাঠককে শিখিয়েছেন, সাধারণ জীবনের মধ্যেও লুকিয়ে থাকে অসাধারণ সব গল্প।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্ম তার। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যাঙ্গনে আলোড়ন তোলেন কথার এ জাদুকর। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘আগুনের পরশমণি’, ‘দারুচিনি দ্বীপ’ সহ দুই শতাধিক বইয়ে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে হয়ে আছে প্রিয় চরিত্র।
সাহিত্যের পাশাপাশি তার টেলিভিশন নাটকও তুমুল জনপ্রিয়তা পায় দর্শকমহলে। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ একের পর এক নাটক নির্মাণ করে মুগ্ধ করেছেন তিনি দর্শককে।
১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হুমায়ূন আহমেদের। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।
লেখক, নির্মাতার পাশাপাশি গীতিকার হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার লেখা ও সুর করা গানও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তার অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
তার সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা ছিল নিজের হাতে গড়া নুহাশপল্লী। দেশ থেকে দূরে থাকলে কিংবা খুব মন খারাপের সময় প্রায়ই তিনি নুহাশপল্লীর স্মৃতিচারণ করতেন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। সময়ের কাছে তার জীবন থেমে গেলেও আজও বৃষ্টি নামলে, জোছনা উঠলে কিংবা শীতের ঘন কুয়াশার চাদরে বার বার ফিরে আসেন হুমায়ূন আহমেদ।
জন্মদিনে বাংলা সাহিত্যের এই গল্পের জাদুকরের প্রতি বিনম্র শ্রদ্ধা। তিনি নেই ১৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে ভক্তমহলে কিংবদন্তি এ কথাসাহিত্যিক আজও বেঁচে আছেন, বেঁচে থাকবেন তার অমর সৃষ্টিতে।
প্রাসঙ্গিক: