
‘আন্ধার’-এর রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমায় চঞ্চল-তুষী-সিয়াম
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে এবার যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। ছবি: সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে এবার যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। দীর্ঘ ২৭ বছরের অভিনয় ক্যারিয়ারে দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। এবার তার নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যেতে পারে পাকিস্তানের এই অভিনেত্রীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইতোমধ্যে কিনজার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। শুরুতে পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর নাম সামনে আসে। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে শেষ পর্যন্ত তাদের কাউকে নয়, কিনজা হাশমীকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
যদিও এ বিষয়ে এখনো পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আপাতত নতুন নায়িকার পরিচয় প্রকাশ করতে চাইছে না। বরং জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের বিপরীতে নতুন মুখকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। পোস্টারে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। তবে আড়ালে রাখা হয়েছে তার মুখ। ফলে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের বাইরে মডেল হিসেবেও পরিচিতি রয়েছে তার। এবার শাকিবের বিপরীতে বাংলাদেশের সিনেমায় অভিষেক হলে তা নিঃসন্দেহে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীদের অভিনয় নতুন কিছু নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বলিউড অভিনেত্রী সৌনাল চৌহানের সঙ্গেও পর্দা ভাগ করেছেন এই ঢালিউড তারকা।
পরিচালক হিমেল আশরাফের সঙ্গে শাকিবের আগের দুই সিনেমাতেও দেখা গেছে বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার ইধিকা পাল। ছবিটি মুক্তির পর বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পান তিনি। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি।
সেই ধারাবাহিকতায় এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।