
‘আজকের অনন্যা’ নির্বাচিত হলেন চিকিৎসক নুসরাত জাহান দৃষ্টি
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

হলিউডের আলোচিত অভিনেত্রী কিয়ারা নাইটলির পোশাক নিলামে উঠছে। ছবি: সংগৃহীত
হলিউডের আলোচিত সিনেমা ‘অ্যাটোনমেন্ট’-এর কথা উঠলেই দর্শকদের মনে ভেসে ওঠে অভিনেত্রী কিয়ারা নাইটলির পরা সেই চোখধাঁধানো পান্না-সবুজ পোশাকের দৃশ্য। সিনেমাটির অন্যতম স্মরণীয় মুহূর্তে পরা এই পোশাক এবার উঠতে যাচ্ছে নিলামে। ধারণা করা হচ্ছে, পোশাটির দাম উঠতে পারে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার বেশি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর লন্ডনের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজে পোশাকটির নিলাম অনুষ্ঠিত হবে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘অ্যাটোনমেন্ট’ সিনেমায় কিয়ারা নাইটলির পরা এই পোশাকটির নকশা করেছিলেন জ্যাকুলিন ডুরান। পেছনের অংশ খোলা এবং আকর্ষণীয় কাটের পান্না-সবুজ সিল্কের গাউনটি সিনেমাটির অন্যতম পরিচিত প্রতীকে পরিণত হয়েছে।
জো রাইট পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে ইয়ান ম্যাকইওয়ানের একই নামের উপন্যাস অবলম্বনে। এতে কিয়ারা নাইটলি অভিনয় করেন সিসিলিয়া চরিত্রে। তার বিপরীতে রবির চরিত্রে ছিলেন জেমস ম্যাকঅ্যাভয়। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে বাড়ির গ্রন্থাগারে সিসিলিয়া ও রবির প্রেমের সম্পর্ক নতুন মোড় নেয়। সেই দৃশ্যেই এই বিখ্যাত পোশাকটি পরেছিলেন কিয়ারা।
পোশাকটির নকশাকার জ্যাকুলিন ডুরান ২০১৭ সালে ‘এন্টারটেইনমেন্ট উইকলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিনেমার গুরুত্বপূর্ণ ওই দৃশ্যের জন্য শুরু থেকেই একটি স্মরণীয় পোশাক তৈরির পরিকল্পনা ছিল। পরিচালক জো রাইট চেয়েছিলেন, পোশাকটির নিচের অংশে যেন চলাচলের সময় সুন্দর নড়াচড়া থাকে এবং স্কার্টটি হয় বেশ ঘেরওয়ালা। পাশাপাশি পোশাকটি সবুজ রঙের হওয়াও ছিল তার বিশেষ চাওয়া।
পোশাকটির জনপ্রিয়তা নিয়ে ফ্যাশনবিষয়ক লেখক ক্যারোলিন ইয়ং সিএনএনকে বলেন, সিনেমাটি মুক্তির সময় থেকেই পোশাকটি তার মনে গভীর ছাপ ফেলেছিল। তার মতে, গাউনটি একই সঙ্গে আকর্ষণীয় ও নস্টালজিক। সবুজ রঙের সঙ্গে আবেগঘন ও নিষিদ্ধ প্রেমের প্রতীকী সম্পর্কও রয়েছে।
ক্রিস্টিজের লন্ডন শাখার বিক্রয় বিভাগের প্রধান থাইস হিচিনসের ভাষায়, পর্দায় অসাধারণ শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে পোশাকটি ফ্যাশন ইতিহাসের অন্যতম পরিচিত পোশাকে পরিণত হয়েছে। এটি আকাঙ্ক্ষা, আবেগ ও হৃদয়ভাঙা প্রেমের প্রতীক।
জানা গেছে, সিনেমার শুটিং শেষে পোশাকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সংরক্ষণাগার থেকে বের করে ২০০৮ সালে একটি দাতব্য নিলামে বিক্রি করা হয়েছিল। এরপর থেকে এটি যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে সংরক্ষিত ছিল।
এবার ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’ শিরোনামের বিশেষ নিলামে পোশাকটি তোলা হচ্ছে। সিনেমা ও পোশাকের ইতিহাসে আগ্রহী ব্যক্তিগত সংগ্রাহকদের পাশাপাশি জাদুঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানও এতে আগ্রহ দেখাতে পারে বলে মনে করছে ক্রিস্টিজ।
উল্লেখ্য, চলচ্চিত্রের বিখ্যাত পোশাক আন্তর্জাতিক নিলামে বরাবরই বিশেষ আকর্ষণ তৈরি করে। এর আগে ১৯৬১ সালের সিনেমা ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’-এ অড্রে হেপবার্নের পরা হুবার্ট দ্য জিভঁশির নকশা করা কালো সাটিনের পোশাকটি ২০০৬ সালে ক্রিস্টিজের নিলামে ৪ লাখ ৬৭ হাজার ২০০ পাউন্ডে বিক্রি হয়েছিল। কিয়ারা নাইটলির ‘অ্যাটোনমেন্ট’ গাউনটিও এবার ফ্যাশন ও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
প্রাসঙ্গিক: