
এইচএসসিতে এত ফেল কেন, উত্তরণের পথ কী?
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১০

এইচএসসির ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে এবারও ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে। এবছর ছেলেদের এইচএসসিতে পাসের গড় হার ৩৯ দশমিক ২৩ শতাংশ এবং মেয়েদের ৫০ দশমিক ৩০ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) যশোর বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী-এবছর মোট ৫৪ হাজার ৮১১ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২১ হাজার ৫০২ জন। ছাত্রদের পাসের হার ৩৯ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে, ৫৭ হাজার ৯৮০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৯ হাজার ১৬৬ জন। ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ, সার্বিক পাসের হারে এ বছরও ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৭০জন ছাত্রী ও ১ হাজার ৩৫৮জন ছাত্র।
এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৭ হাজার ৭৫১ জন ছাত্রী ও ৭ হাজার ৪১৬ জন ছাত্র। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১৮ হাজার ৮৭৯জন ছাত্রী ও ১১ হাজার ৩১২ জন ছাত্র। বাণিজ্য বিভাগ থেকে পাস করেছেন ২ হাজার ৫৩৬ জন ছাত্রী ও ২ হাজার ৭৭৪ জন ছাত্র।
এদিকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে মাত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আর ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এ সকল প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ।
এ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, শতভাগ পাসের প্রতিষ্ঠান ৩টি হলো-ঝিনাইদহ ক্যাডেট কলেজ, খুলনার নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ এবং চুয়াডাঙ্গা জেলার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে শূন্য পাসের প্রতিষ্ঠানের তালিকায় সবচেয়ে বেশি খুলনা জেলার ৬টি এবং সাতক্ষীরা ও মাগুরা জেলার একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।