
সিন্ডিকেট সভায় সিদ্ধান্তজাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা
শিক্ষা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি: সময় সংবাদ
প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আয়োজন সামনে রেখে কেন্দ্রীয় খেলার মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ। অনুষ্ঠানস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মাঠের পাশাপাশি প্রস্তুতি চলছে ক্যাম্পাসের বিভিন্ন অংশে। সড়কে নতুন করে রং করা হচ্ছে, সাজানো হচ্ছে গাছগুলোও। দর্শকদের জন্য প্যান্ডেলের দুই পাশে দুটি বড় স্ক্রিন রাখার কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।
প্রক্টর জানান, নিরাপত্তায় প্রায় ৩০০ পুলিশ সদস্য ও ৫০ থেকে ১০০ জন এসআরবি সদস্য থাকবেন। তাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রক্টরিয়াল টিম। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, ‘প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন উপকমিটি নিজ নিজ কাজ শেষ করছে। বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতের রূপরেখা নিয়েও কথা হবে এ আয়োজনে।’
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যাবে। কর্মসূচিতে থাকছে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মেলা। বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান করবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম নগরীর পাঁচটি স্থান থেকে ৫০টি ফ্রি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার শাটল ট্রেনও চলবে বিশেষ সময়সূচিতে। ক্যাম্পাসের ভেতরে যাতায়াতের জন্য থাকছে ১২টি ই-কার।