
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে সম্প্রীতির বন্ধন
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

চীন সফররত চবি প্রতিনিধি দল | ছবি: জনসংযোগ দফতর
বঙ্গোপসাগরের পরিবেশ, সমুদ্রের অবস্থা ও আবহাওয়ার তথ্য সংগ্রহে সামুদ্রিক পর্যবেক্ষণ বয় স্থাপনের পরিকল্পনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এসআইও) থেকে পাওয়া বয় স্থাপনের স্থান নির্বাচন, পরিচালনা ও সংগৃহীত তথ্য গবেষণায় ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে।
চবির তথ্য ও জনসংযোগ দফতর জানিয়েছে, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের নেতৃত্বে চবির প্রতিনিধিদল ১৪ থেকে ১৮ অক্টোবর চীন সফর করেন।
সফরে সমুদ্র পর্যবেক্ষণের প্রযুক্তি, যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সমুদ্রে নির্দিষ্ট স্থানে রেখে তথ্য সংগ্রহের যন্ত্র এই পর্যবেক্ষণ বয়। বঙ্গোপসাগরে কোথায় যন্ত্রটি বসানো হবে, কীভাবে পরিচালিত হবে এবং এর তথ্য কীভাবে কাজে লাগানো যাবে, এসব বিষয় নিয়ে ১৬ অক্টোবর এসআইওর গবেষক ও প্রকৌশলীদের সঙ্গে কারিগরি বৈঠক করে চবি প্রতিনিধিদল।
উদ্যোগটি বাস্তবায়িত হলে সামুদ্রিক পরিবেশ ও আবহাওয়াসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বাড়বে।
চবির সঙ্গে প্রতিষ্ঠানটির সহযোগিতার আরেকটি ক্ষেত্র স্যাটেলাইটভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ।
এর আগে, ৯ জুন এসআইওর প্রযুক্তিগত সহযোগিতায় চবিতে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়।
এবারের সফরে প্রতিনিধি দল চীনের লিনআনে প্রতিষ্ঠানটির স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেন। সেখানে চবির স্টেশনটির কার্যক্রম ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে গবেষকদের সঙ্গে মতবিনিময় হয়।
এসআইওর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উত্তর বঙ্গোপসাগর পর্যবেক্ষণে রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণের পদ্ধতি উন্নয়ন, গবেষণার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার তৈরি এবং সমুদ্রের পূর্বাভাসের বিষয় উঠে আসে।
পাশাপাশি শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
সফরে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেন চবি প্রতিনিধিদল।
দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক গবেষণা তহবিল সংগ্রহ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞানকেন্দ্র ও জাদুঘর ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ও এতে স্থান পায়।