
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ন্যাশনাল সায়েন্স কার্নিভালের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২২:২৯

৫০ শয্যাবিশিষ্ট উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তর করতে চরম ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এরই মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে আলেয়া বেগম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে অসুস্থ হয়ে পড়লে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হানিফ হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রয়োজন হলেও চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। ফলে সময়মতো উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করতে না পারায় তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যান। এরপর থেকেই সরকারি এ সেবাটি বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের গ্যারেজে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি। ফলে জরুরি রোগী পরিবহনে স্বজনদের বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে এবং গুনতে হচ্ছে বাড়তি টাকা।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব বলেন, ‘অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও ফলপ্রসূ কোনো ব্যবস্থা পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালের আরও অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, দ্রুত একজন চালক পেতে বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।