
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৭

নিহত স্কুলছাত্র ওমর ফারুক। ছবি: সংগৃহীত
সকালে স্কুলে যাচ্ছিল আট বছরের শিশু ওমর ফারুক। কিন্তু স্কুলের দরজায় পৌঁছানোর আগেই একটি অটোরিকশার ধাক্কায় থেমে গেল তার পথচলা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল ওমর ফারুক। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি স্কুলের ভেতরে ছিলেন। বাইরে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন, তার বিদ্যালয়েরই এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাসঙ্গিক: