
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৭:৪৭

অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ইমনকে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জাকিয়াকে ছুরিকাঘাতের পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা ‘লিলি গার্ডেন’ ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান।
তবে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইমন পাটিকাবাড়িতে তার নানার বাড়িতে অবস্থান করছেন। সেখানে পুলিশের একটি দল অভিযান চালালেও প্রথম দফায় তাকে পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সোমবার আহত জাকিয়া সুলতানার (১৬) বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৭/৪৩৯।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এসময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই ইমন বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।