
প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:৩

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ
পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন?’
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
রুহুল কবির রিজভী বলেন, ‘২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ এখন বলা হচ্ছে, তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করবেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে এসব সুযোগ পাবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘তারেক রহমান পলাতক ছিলেন না। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদের রক্ত, আহনাফের, মুগ্ধর রক্ত এবং এক হাজার ৪০০ শিশু কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মুছে যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার আমাদের আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।’
রিজভী বলেন, ‘সত্যকে জনগণের সামনে উন্মুক্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ নির্বাচনে আমি ডামি কিংবা মিডনাইট নির্বাচনের মতো পরিস্থিতি ছিল না। সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, ‘আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সেই নীতিই বাস্তবায়ন করবে।’
বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, ‘তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতা অত্যন্ত সম্ভাবনাময়। তাদের মধ্যে ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হওয়ার মতো প্রতিভা রয়েছে। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।