
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান

নিয়মবহির্ভূত স্লিপার এসি বাসের বিরুদ্ধে কুমিল্লায় অভিযান। ছবি: সময় সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচল করায় পাঁচটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যৌথ অভিযানে বাসগুলোর মালিককে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে এভারগ্রীন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের একটি করে মোট পাঁচটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। বিআরটিএর অনুমোদিত আকার ও নকশা পরিবর্তনের দায়ে বাসগুলোর মালিককে জরিমানা করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনুমোদনহীন এবং নিয়মবহির্ভূত স্লিপার এসি বাসের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহাম্মদ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।
এর আগে, গত ১৫ অক্টোবর একই ধরনের অভিযানে সেন্টমার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের চারটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ওই অভিযানে বাসগুলোর মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।