
পাবনায় হাটের ইজারা নিয়ে গোলাগুলি, ২ জন নিহত

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট৷ এই প্ল্যান্ট থেকে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের আদেশে অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পকে এই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়৷
এর আগে, রূপপুর থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের লাইসেন্স দিয়েছিল বায়েরা। নতুন আদেশের ফলে, শিগগিরই সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে ৷
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা বলছেন, প্ল্যান্টের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সফলভাবে লোডিং শেষ হয়েছে৷ এবার ফিশন প্রক্রিয়া পুরোদমে চালু হবে। পর্যায়ক্রমে বাড়বে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ।
আগামী মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছেন প্রকল্প কর্মকর্তারা।
রূপপুরের দুটি ইউনিট পুরোদমে চালু হলে এই উৎস থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।
প্রসঙ্গত, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ঠিকাদার হিসেবে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।