
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
মওদুদ রানা, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৮

রাজশাহীর আম-লিচুর বাগানে হচ্ছে তুলা ও মসলার চাষ। ছবি সময় সংবাদ
আম-লিচুর অনাবাদি পড়ে থাকা বাগান ও তুলার জমিতে সাথি ফসল হিসেবে আদা-হলুদসহ নানা ধরনের মসলা চাষে ঝুঁকছেন রাজশাহীর কৃষকরা। একই জমিতে একসঙ্গে দুই ফসল আবাদ করে খরচ কমিয়ে দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে এই সমন্বিত চাষ পদ্ধতি।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মসলার আমদানিনির্ভরতা কমাতে ও অনাবাদি জমি কাজে লাগাতে রাজশাহীর বাগানগুলোতে বাণিজ্যিকভাবে মসলা চাষ সম্প্রসারণে জোর দেয়া হয়েছে। সম্প্রতি কৃষিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করেছেন।
চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের কৃষক জানামুল মন্ডল জানান, চার বছর আগে এক বিঘা জমিতে তুলার সাথে হলুদ চাষ করে ১৪ মণ তুলা ও ৮০ মণ হলুদ পান। ফলন ও লাভ ভালো হওয়ায় প্রতিবছর পরিধি বাড়িয়ে এবার তিনি সাত বিঘা জমিতে একসঙ্গে দুই ফসলের আবাদ করেছেন। তুলার সাথে হলুদ কিংবা আদা চাষ করলে সার, কীটনাশক ও সেচ খরচ অনেক কমে যায়। ফলে তুলনামূলক কম খরচে দ্বিগুণ মুনাফা ঘরে তোলা সম্ভব হচ্ছে।
রাজশাহী তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাধারণত এককভাবে তুলা চাষ করলে বছরে সাত থেকে আটবার কীটনাশক দিতে হয়। তবে তুলার সাথে হলুদ থাকলে চারবার স্প্রে করলেই চলে। তুলার জন্য ব্যবহৃত সারেই হলুদের পুষ্টি নিশ্চিত হয়, আলাদা সার ব্যবহারের প্রয়োজন পড়ে না। একক চাষে একটি গাছ থেকে প্রায় চারশ’ গ্রাম হলুদ মিললেও তুলার সাথি ফসল হিসেবে আবাদ করলে গাছপ্রতি এক কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়।’
তিনি আরও জানান, দেশের চাহিদার প্রায় ৯৭ ভাগ তুলাই আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে তুলার সাথি ফসল হিসেবে হলুদ ও আদা চাষে কৃষকদের প্রদর্শনী প্লট ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে পবা উপজেলার কশবা এলাকার কৃষক নাজমুল করিম জানান, প্রথমবারের মতো লিচু বাগানের ছায়াযুক্ত স্থানে তিনি ৭০০ বস্তায় আদা লাগিয়েছেন। তার মতো জেলার বহু কৃষক আম ও লিচু বাগানের ছায়াযুক্ত পতিত জমিতে বস্তায় আদা চাষ করছেন।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর মাটি সরাসরি আদা চাষের উপযোগী না হওয়ায় মাটি, বালু, জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় আদা রোপণ করা হচ্ছে। প্রতি বস্তায় ৬০ থেকে ৭০ টাকা খরচ হলেও বর্তমান বাজারদরে উৎপাদন ব্যয়ের চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘দেশে বছরে শুধু আদাই আমদানি করতে হয় প্রায় দেড় লাখ টন। মসলার আমদানিনির্ভরতা কমানো সরকারের অন্যতম লক্ষ্য। তাই রাজশাহীর ফলবাগান ও পতিত জমিতে সাথি ফসল হিসেবে আদা ও অন্যান্য মসলা চাষ বাড়াতে বহুমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে।’
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩ লাখ ৭৭ হাজার বস্তায় আদা, ২ হাজার ১১৮ হেক্টর জমিতে হলুদ এবং ১৯০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে।