
বেলিংহ্যামের ভাইসহ ইংল্যান্ড দলে দুই নতুন মুখ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৬

বায়ার্ন মিউনিখে নতুন চুক্তি করেছেন হ্যারি কেইন। ছবি; এএফপি
বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন হ্যারি কেইন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত জার্মান ক্লাবটিতে থাকবেন সদ্য ব্যালন ডি'অর জেতা ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, নতুন চুক্তি অনুযায়ী ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ বেতনধারী ফুটবলারে পরিণত হয়েছেন কেইন।
এর আগে ইএসপিএন জানিয়েছিল, বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খুব কাছাকাছি রয়েছেন কেইন।
তিন বছর আগে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন ইংল্যান্ড অধিনায়ক। জার্মান ক্লাবে এসে অবশেষে ব্যক্তিগত শিরোপাখরা কাটান তিনি। ২০২৫ ও ২০২৬ সালে টানা দুবার বুন্দেসলিগা জেতেন কেইন। পাশাপাশি গত মৌসুমে জেতেন জার্মান কাপ ডিএফবি-পোকালও।
বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। মাত্র ৯৮ ম্যাচ খেলেই জার্মান শীর্ষ লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন এই ইংলিশ স্ট্রাইকার।
সম্প্রতি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে চেকিয়ার বিপক্ষে নিজের ১২৫তম ম্যাচ খেলে ১৯৯০ সাল থেকে পিটার শিলটনের দখলে থাকা রেকর্ডে ভাগ বসান তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড অবশ্য আগে থেকেই তার দখলে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯১।
নতুন চুক্তি নিয়ে কেইন বলেন, ‘এফসি বায়ার্নে নিজেকে এখন পুরোপুরি ঘরের মানুষের মতো মনে হয়। ক্লাব, সমর্থক এবং মিউনিখ শহরকে আমি ভালোবাসি। আমাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছেন এবং ভিনসেন্ট কোম্পানি অসাধারণ একজন কোচ। এই ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার পুরো পরিবার এখানে খুবই আনন্দে আছে। আমি এখানে থাকতে চেয়েছিলাম। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এই অসাধারণ ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই।’
বায়ার্নের সভাপতি হার্বার্ট হাইনার বলেন, ‘একটি বড় দলবদলের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে তা এফসি বায়ার্নের ইতিহাসের বিশেষ এক অধ্যায়ে পরিণত হয়েছে। ফুটবলের কাছে যত প্রত্যাশা থাকে, হ্যারি কেইন তার সবকিছুই পূরণ করেছেন। আমাদের সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তিনি সমর্থকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। জান-ক্রিস্টিয়ান ড্রিসেন ও আমাদের ক্রীড়া ব্যবস্থাপনা দলকে অভিনন্দন। আজ বায়ার্নের জন্য বিশেষ একটি দিন।’
ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জান-ক্রিস্টিয়ান ড্রিসেন বলেন, ‘হ্যারি কেইনের সঙ্গে সফলভাবে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের, সমর্থকদের এবং বুন্দেসলিগার জন্য দারুণ খবর। ব্যালন ডি'অরজয়ী খেলোয়াড় বায়ার্ন মিউনিখেই থাকছেন! ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকে গোল, খেলায় প্রভাব এবং মাঠের ভেতরে-বাইরে আদর্শ হিসেবে তিনি অসাধারণ সব কীর্তি গড়েছেন। বায়ার্নকে তিনি নিজের ঘর বানিয়ে নিয়েছেন। আমাদের সঙ্গে নিজেকে আরও উন্নত করেছেন। তাঁর এই অগ্রযাত্রার স্বীকৃতি এসেছে ব্যালন ডি'অর জয়ের মাধ্যমে। নতুন চুক্তি বায়ার্নের প্রতি তাঁর অঙ্গীকার এবং এমন এক গল্পের ধারাবাহিকতা, যার সমাপ্তি এখনো অনেক দূরে।’
প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তি অনুযায়ী বার্ষিক প্রায় ২ কোটি ৯ লাখ পাউন্ড (৩৫০ কোটি টাকারও বেশি) বেতন পাবেন। অর্থাৎ সাপ্তাহিক ৪ লাখ পাউন্ডের ( প্রায় ৭ কোটি টাকা) বেশি আয় করবেন কেইন।
বোনাস বাদে মূল বেতনেই ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডকে ছাড়িয়ে গেছেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড বোনাসসহ প্রতি সপ্তাহে ৫ লাখ ২৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পান। তবে বেতনের দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পেও। রিয়াল মাদ্রিদ থেকে বোনাসসহ প্রতি সপ্তাহে ৫ লাখ ১৮ হাজার পাউন্ড পারিশ্রমিক পান ফরাসি এই তারকা।