
সাফ চ্যাম্পিয়নশিপশেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতল ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:২১

আসন্ন আইপিএলে দেখা যাবে না ট্রাভিস হেডকে। ছবি: বিসিসিআই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে হয়ত সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না ‘ট্রাভিষেক’ জুটি। অভিষেক শর্মা থাকলেও উদ্বোধনী জুটিতে সঙ্গী হারাচ্ছেন তিনি। ক্রিকইনফো জানিয়েছে, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে নিজের ওয়ার্কলোড কমাতে আগামী মৌসুমে আইপিএলে না খেলার সিদ্ধান্ত হায়দরাবাদকে জানিয়েছেন ট্রাভিস হেড। ফলে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি।
হেডের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ বড় ধাক্কা খাবে। তবে ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে তাদের পার্সে বড় অঙ্কের অর্থ যোগ হবে। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে ধরে রাখা পাঁচজন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের একজন ছিলেন হেড। আইপিএল কর্তৃপক্ষ তার ছাড়পত্র অনুমোদন করলে ওই অর্থ ফ্র্যাঞ্চাইজিটির নিলাম বাজেটে যোগ হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর শেষ দিন।
হেডের এই সিদ্ধান্ত অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। গত আগস্টে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকইনফোকে বলেছিলেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে অনেক ‘গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় অগ্রাধিকার’ থাকায় কিছু সিদ্ধান্ত নিতে হবে। ২০ ম্যাচের ব্যস্ত টেস্ট সূচির পাশাপাশি ম্যাকডোনাল্ডের ইঙ্গিত করা গুরুত্বপূর্ণ সূচির মধ্যে রয়েছে আইপিএলের পরপরই জুনে সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর জুন-আগস্টে অ্যাশেজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ।
কোনো ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের মেগা নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়কে ছেড়ে দিলে বা অন্য দলের সঙ্গে বিনিময় করলে, সে সময়ের রিটেনশন স্ল্যাব অনুযায়ী তাদের নিলাম বাজেট সমন্বয় করা হয়। হায়দরাবাদের ক্ষেত্রে বাড়তি কোনো অর্থ যোগ বা বিয়োগ হবে না। কারণ, মেগা নিলামের আগে চারজন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে ধরে রাখার মূল্য ছিল ৬১ কোটি রুপি। তাদের বাকি চারজনের বেতন যোগ করলেও একই অঙ্ক পাওয়া যায়। হেনরিখ ক্লাসেন ২৩ কোটি, প্যাট কামিন্স ১৮ কোটি, অভিষেক শর্মা ১৪ কোটি এবং নীতীশ কুমার রেড্ডি ৬ কোটি রুপি রুপিতে চুক্তিবদ্ধ।
প্রাসঙ্গিক:
২০২৪ সালের আইপিএল নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে প্রথমবার হেডকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি তখন বলেছিলেন, বাঁহাতি ওপেনারকে দলে নেওয়ার ব্যাপারে তারা ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ছিলেন। ২০২৩ সালের নিলামে অবিক্রীত থাকা হেড নিজের সামর্থ্যের প্রমাণ দেন দুর্দান্ত পারফরম্যান্সে। ৪০-এর বেশি গড় এবং ১৯১.৫৫ স্ট্রাইক রেটে করেন ৫৬৭ রান। তার ব্যাটে ভর করেই ফাইনালে ওঠে হায়দরাবাদ। যদিও শিরোপার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তারা।
হায়দরাবাদ ছিল হেডের দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ১০টি ম্যাচ। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড় এবং ১৭৬.১৪ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৩৫১ রান। তবে হেডের সবচেয়ে বড় অবদান ছিল অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী উদ্বোধনী জুটি। শুধু আইপিএল নয়, সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ের প্রচলিত ধারণাতেই বড় পরিবর্তন এনেছিল এই জুটি।
রানের হিসাবে এসআরএইচের ইতিহাসে দ্বিতীয় সফল উদ্বোধনী জুটি ‘ট্রাভিষেক’। শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পরেই তাদের অবস্থান। ৪২ ইনিংসে দুজন মিলে করেছেন ১ হাজার ৮৯২ রান, গড় ৪৬.১৪। এর মধ্যে রয়েছে ছয়টি শতরানের এবং নয়টি অর্ধশতরানের জুটি। আর জুটিতে অন্তত ১ হাজার রান করেছেন, এমন জুটিগুলোর মধ্যে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলার হারও হেড-অভিষেকের। প্রতি ওভারে তাদের রান তোলার হার ১২.২৭।
এদিকে, লেগ স্পিনার জিশান আনসারিকে দিল্লি ক্যাপিটালসের কাছে ছেড়ে দিয়ে বাঁহাতি পেসার টি নটরাজনকে দলে নিয়েছে এসআরএইচ। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের কাছ থেকে পেসার খলিল আহমেদ ও নাথান এলিসকে পেয়েছে তারা। বিনিময়ে ছেড়ে দিয়েছে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে। গুজরাট টাইটানসের কাছে ৪ কোটি রুপির বিনিময়ে হর্ষল প্যাটেলকেও ছেড়ে দেওয়ার কথা রয়েছে তাদের।