
২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

নবীজির আদর্শ গ্রহণ ও অনুসরণেই রয়েছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা লাভের উপায়।
মানবজাতির সর্বোত্তম আদর্শের প্রতীক নবীজি। এটি মানুষের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন, নিশ্চয়ই রসুলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে বেশি স্মরণ করে (সুরা আহজাব: ২১)
নবীজির জীবনের প্রতিটি কাজই অনুসরণীয়। অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য অনন্য আদর্শ। কারণ নবীজিকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, (ওহে রসুল!) আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমতস্বরূপই পাঠিয়েছি (সুরা আম্বিয়া: ১০৭)
তিনি শুধু মুমিন মুসলমানের জন্যই রহমত হিসেবে আসেননি বরং গোটা বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ মুক্তির বাণী নিয়ে এসেছেন। পৃথিবীতে যারাই নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ব্যবস্থা ও তার আদর্শকে ধারণ করবে তারাই দুনিয়ার জীবনে যেমন শান্তি পাবে। অনন্তকালের আখেরাতেও শান্তি পাবে।
নবীজি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। মহান আল্লাহ তার চারিত্রিক পবিত্রতার ঘোষণা ও প্রশংসা করেছেন। (হে রসুল!) আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন। অবশ্যই আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী (সুরা কালাম: ২-৪)
নবীজি পৃথিবীতে উত্তম জীবনাদর্শের আহ্বান শুরু করায় নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। অথচ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দেয়ার আগে তিনি ছিলেন সবার কাছে আল-আমিন। তাদের সম্পদের আমানতদার। তখনই মহান আল্লাহ তাআলা তার মহান চরিত্রের অধিকারী হওয়ার বিষয়টি ঘোষণা দেন। বিশ্বমানবতার জন্য এটিও অনুকরণীয় আদর্শ। ইসলামের সুমহান আদর্শের অনুসরণ ও অনুকরণে কটুকথার শিকার হলেও কোনো প্রতিবাদ নয়, বরং বিশ্বনবীর উত্তম আদর্শ জীবনাচরণ নিজেদের মধ্যে ধারণ করে ইসলামের প্রচারে আত্মনিয়োগ করাই সর্বোত্তম কাজ।
প্রাসঙ্গিক:
নবীজির আদর্শ গ্রহণ ও অনুসরণেই রয়েছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা লাভের উপায়। আরও রয়েছে গোনাহ মাফ ও ক্ষমার ঘোষণা। কোরআনুল কারিমে মহান আল্লাহ এ বিষয়টিও সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন- হে রসুল! আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহও তোমাদের ভালোবাসেন। আর তোমাদের থেকে তোমাদের গোনাহ ক্ষমা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু (সুরা আল-ইমরান: ৩১)
হজরত আয়েশা রা. বলেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল বা অশ্লীলতা লালনকারী ব্যক্তি ছিলেন না। হাট-বাজারে কখনো হৈচৈ করতেন না। আর মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না বরং তিনি ক্ষমা করে দিতেন (আহমাদ: ২৫৪১৭) আমি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের সাথে আচরণ সম্পর্কে আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, উত্তরে তিনি বলেন, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জল চেহারাসম্পন্ন, অমায়িক চরিত্রের অধিকারী ও বিনয়ী ছিলেন। কঠোর ছিলেন না, হৈচৈ-কারী ছিলেন না, ছিদ্রান্বেষী ও কৃপণ ছিলেন না, তার নিকট আগত ব্যক্তি নিরাশ ও হতাশ হত না। তিনি নিজের মধ্য হতে তিনটি জিনিস পরিত্যাগ করেছিলেন, রিয়া বা আত্মপ্রকাশ, অতিরঞ্জন, অনর্থক কার্যকলাপ।
মানুষের জন্য তিনি তিনটি জিনিসকে পরিত্যাগ করেন, তিনি কাউকে নিন্দা করতেন না, কাউকে দোষারোপও করতেন না, সওয়াবের প্রত্যাশা ব্যতীত কোন কথাই বলতেন না। যখন তিনি কথা বলতেন, শ্রবণকারীরা এমনভাবে কান পেতে শুনত যেন তাদের মাথায় পাখী বসে আছে।
যখন তিনি কথা শেষ করতেন তখন তারা কথা বলত। তারা তার সামনে কখনো ঝগড়া বা কথা কাটাকাটি করত না। তার নিকট কেউ কথা বলা আরম্ভ করলে তারা তার কথা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকত। তার উপস্থিতিতে তাদেরই কথা বলার অধিকার থাকত যারা প্রথম কথা বলা শুরু করত।
লোকেরা যাতে হাসে তিনিও তাতে হাসতেন, মানুষ যাতে আশ্চর্য হয় তিনিও তাতে আশ্চর্য হতেন, তিনি বলতেন, যখন তোমরা কোন অভাবীকে তার প্রয়োজনীয় কিছু প্রার্থনা করতে দেখ তার প্রার্থনায় তাকে সাহায্য করো। তিনি মাত্রাতিরিক্ত প্রশংসা পছন্দ করতেন না, কারো কথা বলার সময় তার কথার মাঝে বাধা দিতেন না, হাঁ, তবে সীমা অতিক্রম করলে তাকে হয়ত আদেশ বা নিষেধ করতেন (শামায়েল তিরমিজি: ৩২৯)
নবীজির আদর্শ ছিল, তিনি সাহাবিদেরকে দীনের বিধান শিক্ষা দিতেন। যেমন তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মৃত্যু বরণ করল সে জাহান্নামে প্রবেশ করবে (বুখারি: ৪৪৯৭) প্রকৃত মুসলিম তো সে ব্যক্তি যার হাত ও কথার অনিষ্ট হতে অন্য মুসলিম নিরাপদে থাকে, আর প্রকৃত মুহাজির তো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা কর্তৃক নিষেধ কৃত বস্তুকে ছেড়ে দিয়েছে (বুখারি: ১০)