
নবীজির প্রিয় আদর্শ
ধর্ম
ধর্ম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৭

‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক জাতীয় সেমিনারে অতিথিরা। ছবি: সংগৃহীত
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছে খতমে নবুওয়াত বাংলাদেশ জাতীয় সেমিনার। দাবি আদায় না হলে ঢাকায় মহাসমাবেশ ও রাজধানী অবরোধের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেমিনারের সভাপতি আল্লামা আবদুল হামিদ মধুপুরের পীর।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব দাবি জানানো হয়।
এদিকে খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্যে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
সেমিনারে অডিও-ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। তিনি খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রয়োজনে এ আন্দোলনের জন্য জীবন উৎসর্গের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা চালু এবং কওমি মাদ্রাসার উন্নয়নে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সভাপতির বক্তব্যে আল্লামা আবদুল হামিদ বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ধর্মমন্ত্রীসহ সংসদ সদস্যদের সঙ্গেও যোগাযোগ চলছে।
তিনি বলেন, দাবি আদায় না হলে ঢাকায় মহাসমাবেশ করা হবে। এরপর রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচিও দেয়া হতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্যে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, মুসলিম পরিচয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা বন্ধ, উপাসনালয়কে মসজিদ বলা ও ইসলামী পরিভাষা ব্যবহার বন্ধ, মুসলিম কবরস্থানে দাফন ও জানাজা না করা, বৈবাহিক ও উত্তরাধিকার সম্পর্ক বন্ধ এবং তাদের পণ্য বয়কটসহ ৬ দফা দাবি জানানো হয়।
সেমিনারে আয়োজকদের পক্ষ থেকেও পাঁচ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার পাশাপাশি সীরাতবিষয়ক গ্রন্থ প্রকাশ ও প্রচার, মডেল মসজিদগুলোকে সীরাত চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং জুমার খুতবায় খতমে নবুওয়াতের আকিদা নিয়ে আলোচনার সুপারিশ করা হয়। অনুষ্ঠানে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
সেমিনারে ভারতের আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানী, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভীসহ দেশের বিভিন্ন পর্যায়ের আলেম ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।