
নবীজির প্রিয় আদর্শ
ধর্ম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৭:২১

ইসলামে ঋণ পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
মানুষের জীবনে অভাব, সংকট ও আর্থিক দুরবস্থা আসা খুবই স্বাভাবিক। কখনো জীবনের প্রয়োজন মেটাতে, কখনো পরিবার-পরিজনের দায়িত্ব পালন করতে, আবার কখনো অনিবার্য পরিস্থিতিতে মানুষ অন্যের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। ঋণের মাধ্যমে সাময়িকভাবে সংকট কাটিয়ে ওঠা সম্ভব হলেও তা পরিশোধ করতে না পারলে জীবনে নেমে আসে নানা দুশ্চিন্তা ও দুর্ভোগ।
ঋণ মানুষের জীবনে কখনো কখনো বড় বোঝা হয়ে দাঁড়ায়। ঋণদাতা পাওনা টাকা ফেরত না পেয়ে হতাশা ও ক্ষোভে ভুগতে পারেন। অন্যদিকে, ঋণগ্রহীতা সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। কখনো ঋণদাতার কটু কথা, অপমান কিংবা অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। ফলে ঋণগ্রস্ত মানুষের মনে সবসময় ঋণমুক্ত হওয়ার আকাঙ্ক্ষা কাজ করে। তিনি চান, আল্লাহ যেন এমন ব্যবস্থা করে দেন, যাতে দ্রুত ঋণ পরিশোধ করে স্বস্তি ফিরে পান।
ইসলামে ঋণ পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ঋণ মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয় হওয়ায় তা যথাসময়ে পরিশোধের চেষ্টা করা প্রত্যেক ঋণগ্রহীতার দায়িত্ব। একই সঙ্গে আর্থিক সংকটে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তাঁর ওপর ভরসা রাখা এবং হালাল উপায়ে জীবিকার সন্ধান করাও মুমিনের কর্তব্য। ঋণের বোঝা থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.) বেশ কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলোতে আল্লাহর কাছে সাহায্য, স্বচ্ছলতা ও ঋণমুক্তির প্রার্থনা রয়েছে।
ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়া
একবার চতুর্থ খলিফা আলী (রা.)-এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইলে তিনি তাকে কয়েকটি শব্দ শিক্ষা দেওয়ার কথা বলেন। আলী (রা.) জানান, এই শব্দগুলো তাকে রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন। এগুলো পাঠ করলে আল্লাহ ঋণমুক্তির ব্যবস্থা করে দেবেন, ঋণের পরিমাণ পাহাড়সমান হলেও। এরপর তিনি ওই ব্যক্তিকে নিচের দোয়াটি পড়ার পরামর্শ দেন।
আরবি : اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
প্রাসঙ্গিক:
অর্থ : হে আল্লাহ! আপনার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে বাঁচিয়ে যথেষ্ট করুন। আপনার অনুগ্রহে আমাকে এমন স্বচ্ছলতা দান করুন, যাতে আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। (তিরমিজি, হাদিস : ৩৫৬৩; মুসনাদ আহমদ, হাদিস : ১৩২১)
ঋণ ও দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়া
ঋণের কারণে মানুষ অনেক সময় মানসিক অস্থিরতায় ভোগে। ঋণ পরিশোধের চিন্তা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। এ কারণে রাসুলুল্লাহ (সা.) ঋণ থেকে আল্লাহর আশ্রয় চাইতেন।
একবার এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, আপনি ঋণ থেকে এত বেশি আশ্রয় প্রার্থনা করেন কেন? উত্তরে তিনি বলেন, মানুষ ঋণগ্রস্ত হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে।
এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন, তা হলো,
আরবি : اللهم إني أعوذ بك من الكسل والهرم والمأثم والمغرم
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল মা’ছামি, ওয়াল মাগরামি।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা, বার্ধক্য, গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(বুখারি, হাদিস : ৬০০৭)
ঋণের ভার ও মানুষের জবরদস্তি থেকে মুক্তির দোয়া
সাহাবি আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি যে দোয়াটি পড়তেন, তাতে দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, ঋণের ভার এবং মানুষের দমন-পীড়ন থেকে মুক্তি চাওয়া হয়েছে।
আরবি : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল-কাসালি, ওয়াল বুখলি ওয়াল-জুবনি, ওয়া দ্বালা‘য়িদ দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন-পীড়ন থেকে। (বুখারি, হাদিস : ২৮৯৩)
ঋণমুক্ত থাকতে রাসুলুল্লাহ (সা.)-এর আরেকটি দোয়া
অন্য একটি বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) ঋণের বোঝা এবং মানুষের জবরদস্তি থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এভাবে দোয়া করতেন,
আরবি : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ ، وَضَلَعِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়াল আজযি ওয়াল কাসলি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া গালাবাতিদ দাইনি, ওয়া কাহরির রিজাল।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা ও কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। একই সঙ্গে ঋণের ভার এবং মানুষের জবরদস্তি ও দমন-পীড়ন থেকেও আপনার আশ্রয় চাইছি। (নাসায়ি, হাদিস : ৫৪৭৮)
ঋণমুক্তির জন্য দোয়ার পাশাপাশি করণীয়
ঋণমুক্ত হওয়ার জন্য এসব দোয়া নিয়মিত পড়ার পাশাপাশি ঋণ পরিশোধের আন্তরিক চেষ্টা চালিয়ে যেতে হবে। উপার্জনের হালাল পথ খুঁজে বের করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, ঋণ পরিশোধের পরিকল্পনা করা এবং ঋণদাতার সঙ্গে স্বচ্ছভাবে কথা বলাও গুরুত্বপূর্ণ। কারণ দোয়া ও আমলের পাশাপাশি দায়িত্ব পালনে আন্তরিকতা এবং বাস্তব উদ্যোগও ইসলামের শিক্ষা।
আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে, তাঁর রহমতের ব্যাপারে নিরাশ হওয়া যাবে না। হয়তো আজকের সংকটই আগামী দিনের স্বচ্ছলতার পথ তৈরি করে দেবে। ঋণের বোঝা যতই ভারী হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। আন্তরিকভাবে তাঁর কাছে ফিরে এসে হালাল পথে চেষ্টা চালিয়ে গেলে তিনি বান্দার জন্য উত্তম পথ খুলে দিতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, ঋণের বোঝা থেকে মুক্তি দিন, কারো মুখাপেক্ষী হওয়া থেকে হেফাজত করুন এবং আর্থিক স্বচ্ছলতা ও প্রশান্তিময় জীবন দান করুন। আমিন।