
আইজিপি ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৭

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
সংসদে জনগণের সমস্যার সমাধান না হওয়ায় আবারও রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘সরকার গ্যাসের ফি নিচ্ছে কিন্তু গ্যাস দিচ্ছে না। জনগণ কষ্টে রয়েছে। শেখ হাসিনা যখন জনগণকে কষ্ট দিয়েছে তখন আমরা তাকে বিদায় করেছি। এখন বর্তমান সরকার যখন কষ্ট দিচ্ছে, তখন নাকি তাকে ধরা যাবে না ছোঁয়াও যাবে না।’
চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, ‘সরকারদলীয় লোকর অটোরিকশা এবং দোকান থেকে চাঁদাবাজি করছে। এরা চক্রবৃদ্ধি হারে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছে। আগে ছাত্রলীগ চাঁদাবাজি করতো এখন ছাত্রদল করছে।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে নতুন বেনজীর আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘পুলিশে নতুন বেনজীর এসেছে। সরকার বললে নাকি ক্রসফায়ার চালাবেন তিনি। যদি উনি ক্রসফায়ারে যান, তাহলে আবার পুলিশের ওপর স্যাংশান আসবে। পুলিশের আইজিপির বক্তব্য প্রত্যাহার করতে হবে, উনি প্রত্যাহার না করলে পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাঁচানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ইশরাকসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় লোকজন অস্ত্রহাতে নেমেছে। তাই কে ডাকাত, কে চাঁদাবাজ, কে মাদক ব্যবসায়ী সেই পার্থক্য করতে পারছে না জনগণ।’
সমাবেশের উদ্দেশ্য নিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘জনগণের সমস্যা নিয়ে সরকার বলেছিল সংসদে কথা বলতে। কিন্তু সেখানে সমাধান হয়নি তাই আবার রাজপথে নামতে হয়েছে।’
মিডিয়ার ওপর জুলুমতন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমার দেশ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? লেবাসধারীরা সাবধান হয়ে যান, চাঁদাবাজি বন্ধ করেন। জনগণ মুখ ফিরিয়ে তাকাতে সময় লাগবে না।’