
ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। ছবি সংগৃহীত
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য (এমপি) ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এদিকে বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন। স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
পদত্যাগপত্রে ওসমান ফারুক শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করেছেন। এ কারণে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ এবং সেখানেই অবস্থান করছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
প্রাসঙ্গিক:
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর যাচাই-বাছাইয়ের দায়িত্ব পাওয়া সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত এই বিশেষ কমিটিতে দায়িত্ব পালনের পাশাপাশি সংসদীয় কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। এই ককাসের সভাপতির দায়িত্ব পান ওসমান ফারুক।