
শ্বাসকষ্ট হলে ঘরোয়া চিকিৎসা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:৪১

সাদা লবণ (বামে) ও রক ও পিঙ্ক সল্ট (ডানে)। ফাইল ছবি
স্বাস্থ্য সচেতন অনেকেই এখন খাবার তালিকায় সাদা লবণের তুলনায় রক সল্ট বা পিংক সল্টকে প্রাধান্য দিচ্ছেন। বেশিরভাগ মানুষই মনে করেন সাদা লবণের তুলনায় রক ও পিঙ্ক সল্টে খনিজ উপাদানের পরিমাণ বেশি তাই পুষ্টিগুণও বেশি। কিন্তু সত্যি কি তাই, কী বলেছেন বিশেষজ্ঞরা জানেন?
আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন এর প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষজ্ঞরা বলছেন রক সল্ট বা পিংক সল্টে খনিজ উপাদানের পরিমাণ সাদা লবণের চেয়ে সামান্য বেশি থাকলেও পুষ্টির দিক থেকে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই।
আসুন এক নজরে জেনে নিই রক সল্ট বা পিংক সল্ট ও সাদা লবণের মূল পার্থক্যগুলো-
• উপাদান: সাদা লবণে প্রায় ৯৭-৯৯% সোডিয়াম ক্লোরাইড থাকে এবং এতে কৃত্রিমভাবে আয়োডিন মেশানো থাকে। অন্যদিকে পিংক সল্টে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রনের মতো প্রায় ৮৪ ধরনের ট্রেস মিনারেল বা খনিজ পাওয়া যায় (যা এর গোলাপি রঙের কারণ)।
• পুষ্টিগত প্রভাব: পিংক সল্টে যে অতিরিক্ত খনিজগুলো থাকে, তার পরিমাণ খুবই নগণ্য। পুষ্টি বিজ্ঞান অনুযায়ী, প্রয়োজনীয় খনিজ বা পটাশিয়ামের চাহিদা মেটাতে হলে প্রতিদিন অস্বাভাবিক পরিমাণে পিংক সল্ট খেতে হবে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
• আয়োডিন: সাদা লবণে আয়োডিন থাকে যা থাইরয়েড গ্রন্থির কাজের জন্য অত্যন্ত জরুরি। পিংক সল্টে সাধারণত পর্যাপ্ত আয়োডিন থাকে না।
• সোডিয়ামের মাত্রা: উভয় লবণের মাধ্যমেই প্রায় একই পরিমাণ সোডিয়াম শরীরে প্রবেশ করে। ফলে রক্তচাপ বাড়ার ঝুঁকি উভয় ক্ষেত্রেই সমান।
এদিকে ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন ডা. অর্জুন শঙ্করন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বিভিন্ন ধরনের লবণের ব্যবহার নিয়ে পরামর্শ দিয়েছেন। তিনি জানান,
লবণের রং নয়, তাতে আয়োডিন আছে কি না সেটিই বেশি গুরুত্বপূর্ণ। তাই সাদা লবণ কেনার আগে প্যাকেটের গায়ে আয়োডিনযুক্ত লেখা আছে কি না, তা দেখে নেয়া জরুরি।
তিনি আরও জানান,
রক বা পিংক সল্ট দেখতে সুন্দর বা প্রক্রিয়াজাতকরণ কম হলেও স্বাস্থ্যগতভাবে সাদা লবণের চেয়ে এটি খুব বেশি পুষ্টিকর নয়। তবে স্বাদের ভিন্নতার জন্য মাঝেমধ্যে এগুলো ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেকোনো রান্না করা ও রান্না ছাড়া খাবার মিলিয়ে দিনে এক চা চামচের কম লবণ খাওয়া উচিত।