
কেশম দ্বীপের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্বে রাখা উচিত কি না, তা নিয়ে উপদেষ্টাদের কাছে জানতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর হেগসেথকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের কর্মকর্তারা ধারণা করছেন, নির্বাচনে পরাজয়ের দায় ইরান যুদ্ধ পরিচালনায় পরামর্শ দেওয়ার কারণে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপরও বর্তাতে পারে। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
প্রতিবেদনে আরও বলা হয়, হেগসেথের উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নামও আলোচনায় এসেছে। সূত্রগুলোর ধারণা, গভর্নর হিসেবে তার মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগে বিদায়ী কংগ্রেসের সময়সীমার মধ্যেই তিনি সিনেটের অনুমোদন পেতে পারেন।
তবে বুধবার (৪ নভেম্বর) সাংবাদিকদের কাছে প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, হেগসেথ ‘খুব ভালো কাজ করছেন’। একই দিন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও জানান, প্রতিরক্ষামন্ত্রীর ওপর প্রেসিডেন্টের ‘পূর্ণ আস্থা’ রয়েছে।
এদিকে পিট হেগসেথ পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি বাধ্য করার ঘোষণা দিয়েছেন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
রিপাবলিকান দলের এই আইনপ্রণেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘একটি পরিস্থিতিতেই আমি অভিশংসনের প্রস্তাব আবার উত্থাপন করব না। সেটা হলো, হেগসেথ পদত্যাগ করলে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে ম্যাসি এ প্রস্তাব উত্থাপন করতে পারেন। একাধিক রিপাবলিকান সূত্র জানিয়েছে, প্রস্তাবটি ভোটে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে হেগসেথের দায়িত্বে থাকা নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।