
সাদমান ব্যাট করতে পারবেন কি না, জানাল বিসিবি
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১:৫২

আফগানিস্তান প্রিমিয়ার লিগের পাঁচ দলের অধিনায়করা। ছবি: এপিএল
প্রথমবারের মতো শুরু হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) অর্থায়ন নিয়ে আইসিসির আসন্ন সভায় উদ্বেগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।
তালেবান সরকারের নারী ও মেয়েদের ওপর বিধিনিষেধের কারণে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ইংল্যান্ড। গত বছর ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন পরিস্থিতিটিকে লিঙ্গবৈষম্যভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে অভিহিত করেছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের বিশেষজ্ঞরাও আফগানিস্তানের পরিস্থিতি বর্ণনায় একই শব্দ ব্যবহার করেছেন।
ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনসংক্রান্ত নিয়মকানুন পর্যালোচনার জন্য আইসিসির একটি সাবকমিটি আছে। সেই কমিটিতে রয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। তিনি বলেন, সম্প্রতি অন্য সদস্য দেশগুলো যখন আফগান শরণার্থী নারী দলের ইংল্যান্ড সফরে অর্থায়ন করেছে, তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য অর্থ ব্যয় করা ঠিক হচ্ছে না।
ক্রিকেট সাময়িকী ‘দ্য ক্রিকেটার’-কে গোল্ড বলেন, ‘বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে। কারণ, আফগানিস্তান মূলত আইসিসির অর্থায়নের ওপর নির্ভরশীল। আমার ধারণা, আইসিসির কাছ থেকে তারা বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার পায়। যা তাদের মোট আয়ের ৮০ শতাংশেরও বেশি। আমরা জানি, তাদের কোনো ঘরোয়া টেলিভিশন বাজার নেই। টিকিট বিক্রি করেও আয় করার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমার উদ্বেগ হলো, অন্য সব সদস্য দেশ যখন আফগান নারী ক্রিকেটে অর্থায়ন করছে, তখন তারা আইসিসির অর্থ দিয়ে আফগান প্রিমিয়ার লিগ আয়োজন করছে কি না। আমাদের কাছে বিষয়টি সঠিক মনে হচ্ছে না। আগামী কয়েক সপ্তাহে আমরা এ নিয়ে কাজ করব।’
ডিসেম্বরের টুর্নামেন্টকে সামনে রেখে গত ৩ নভেম্বর হয়েছে এপিএলের ড্রাফট অনুষ্ঠান। ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শামিম হোসেন ও নাহিদ রানা। ইংল্যান্ডেরও ৮ জন ক্রিকেটার ড্রাফট থেকে দল পেয়েছেন। তাদের অংশগ্রহণের প্রভাব বিবেচনার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের শরণার্থী নারী দলের অধিনায়ক নাহিদা সাপান।