
বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির

মিশিগানের পোর্ট হিউরনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ।
হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে পারেন জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ! এমন সম্ভাবনার কথা মজার ছলে তুলে ধরেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এা একটা ভালো ধারণা। বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হবে।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি এখন শূন্য। গত সপ্তাহে হোয়াইট হাউস ঘোষণা দেয়, কেটি জাকারিয়া প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিন পরই তার বিদায়ের ঘোষণা আসে।
এর মধ্যে গত রোববার (২৫ অক্টোবর) হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চুয়েংও নিকি মিনাজের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি প্রকাশ করে তিনি রসিকতার সুরে লেখেন, ‘আমার মনে হয়, আমরা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারিকে পেয়ে গেছি!’
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়; জনপ্রিয় এই র্যাপার আদৌ প্রেস সেক্রেটারির ভূমিকার জন্য উপযুক্ত কি না তা নিয়ে চলতে থাকে বিতর্ক।
ওইদিনই ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিশিগানের পোর্ট হিউরনের উদ্দেশে যাত্রার সময় এয়ার ফোর্স ওয়ানে অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নিকি মিনাজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমানে ধারণ করা ওই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও জোরালো হয়। ২০২৫ সালে প্রকাশ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জানান নিকি মিনাজ। এরপর চলতি বছরের জুলাইয়ে তাকে হোয়াইট হাউসে ডেকে সম্মান জানানো হয়।
নিকি মিনাজকে সত্যিই প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ট্রাম্পের নতুন মন্তব্য বিষয়টি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিকি মিনাজ কি হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি? জনপ্রিয় পডকাস্ট ‘দ্য বেনি শো’র উপস্থাপক বেনি জনসনের এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা একটা ভালো ধারণা। তবে বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে। আমি এ নিয়ে চিন্তা করব।’
ট্রাম্পের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তবে নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের সম্ভাবনা নিয়ে অনেক ব্যবহারকারী নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন মন্তব্য করেন, ‘দয়া করে না। তিনি ভালো হতে পারেন, কিন্তু এই দায়িত্বের জন্য নয়।’ আরেকজন লেখেন, ‘এই পদের জন্য তিনি আসলে উপযুক্ত ব্যক্তি নন। তাৎক্ষণিকভাবে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রেও তিনি খুব দ্রুত নন।’ অন্য একজনের মন্তব্য, ‘তিনি অনেক কিছুই হতে পারেন, কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি নন।’
অন্যদিকে ট্রাম্পের মন্তব্যকে মিনাজকে নিয়োগের ইঙ্গিত হিসেবে দেখার সমালোচনাও করেছেন কেউ কেউ। এক ব্যবহারকারী লেখেন, ‘বেনি, তুমি যে প্রশ্ন করেছ, ট্রাম্প সেটিরই উত্তর দিয়েছেন। তার কথায় এমন কিছু ছিল না, যা দেখে মনে হয় তিনি সত্যিই বিষয়টি বিবেচনা করছেন। শুধু তোমাদের শিরোনাম লেখকই এমনটা ভেবেছেন।’