
যুক্তরাজ্যে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কার
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৮:২২

সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা। ছবি: সংগৃহীত
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে। রোহিঙ্গা গণহত্যার মামলায় সাত বছর ধরে বিচার শেষে আইসিজে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার রায়ে এ কথা বলেছেন।
আন্তর্জাতিক বিচার আদালতে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় দেয়া হয়েছে। অর্থাৎ আদালতের ৯ জন বিচারক গণহত্যার পক্ষে রায় দিয়েছেন, বিপক্ষে অবস্থান নিয়েছেন ৬ জন বিচারক।
স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
তিনি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
জেনোসাইড বা গণহত্যার লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি।
তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করে।
প্রাসঙ্গিক:
এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইডের লক্ষ্য নিয়ে কাজ করেছে।
মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও সহিংসতার ধরন শুধু কোনো জনগোষ্ঠীকে শাস্তি দেয়ার উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়েরই প্রতিফলন ছিল এসব কর্মকাণ্ড। রায়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিচারক ইওয়াসাওয়া ইউজি।
তিনি বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাপকতা, ধরন ও পদ্ধতি জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার জন্য যা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি ছিল। বরং এসব কর্মকাণ্ড একটি জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের বৈশিষ্ট্য বহন করে।
বিচারক আরও বলেন, আদালতের মতে, উত্তর রাখাইনে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছাড়া মিয়ানমারের এসব কর্মকাণ্ডের অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা।
রোহিঙ্গাদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।
তথ্যসূত্র: বিবিসি