
ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪

ইরানের কেশম দ্বীপে হামলার খবর নিশ্চিত করেছেন ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী শুক্রবার (৬ নভেম্বর) ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শুক্রবারের হামলাকে সীমিত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। একইসঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা সীমিত আকারে একটি হামলা চালিয়েছি। তারা একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি।’
তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানানোর কিছুক্ষণ পরেই ট্রাম্প এ কথা বলেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী কেশম দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে।
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার পর, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পরিস্থিতি এখন ‘তুলনামূলকভাবে শান্ত’।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
এ ছাড়া ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’
তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।