
ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১০:০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’
তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতেও রাজি নন ট্রাম্প। বরং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে পরিস্থিতির তুলনা করে তিনি দাবি করেন, গত সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হননি। তবে ইরানের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে মার্কিন বাহিনী সীমিত আকারে হামলা চালিয়েছে বলে স্বীকার করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি।’ তবে কখন বা কোথায় এ হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।
এ ছাড়া ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতির হার ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা