
জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৩:৪৫

আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মর্যাদাপূর্ণ হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ বা পরিবার থিমে সেরা আলোকচিত্রের স্বীকৃতি পেয়েছে তার তোলা ছবি ‘আন্ডার দ্য সেম স্কাই’।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাইয়ের স্থানীয় সময় রাত ৮টার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। হিপার গ্র্যান্ড পুরস্কারকে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার অন্যতম সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়।
পিনু রহমানের পুরস্কারজয়ী ছবিটি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং দুর্যোগের মধ্যেও মানুষের ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের এক অসাধারণ মানবিক দলিল।
ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। আগুনে হারিয়ে গেছে তাদের ঘরবাড়ি, সম্পদ ও নিরাপদ আশ্রয়। কিন্তু সব হারিয়েও অটুট রয়েছে পরিবারের বন্ধন।
এই দৃশ্যের মধ্য দিয়েই আলোকচিত্রী তুলে ধরেছেন মানুষের জীবনে পরিবারের গুরুত্ব, ভালোবাসা এবং প্রতিকূলতার মধ্যেও একসঙ্গে টিকে থাকার গল্প।
আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে পিনু রহমান বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’
পেশাগত জীবনে ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
এবারের হিপা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ফ্যামিলি’। পরিবার বলতে কেবল মানুষের সম্পর্ক ও ভালোবাসার প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এবারের আয়োজন।
বরং মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন এবং সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প তুলে ধরার সুযোগ রাখা হয়েছিল।
চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে এটি পিনু রহমানের প্রথম বড় অর্জন নয়। এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি।
পাশাপাশি ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। ছবিটিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে।
এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের আলোকচিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।
উল্লেখ্য, হিপার ১৫তম আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি ছিল স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগ। এর আগের ১৪তম আসরে মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। সে সময় ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।
প্রাসঙ্গিক: