
অনন্ত জলিলের পাশে ওমর সানী, বললেন ‘তিনি সংকট সামলে ফেলবেন’
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১৫

‘পসিবল লাভ’ ঘিরে এখন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা। ছবি: সংগৃহীত
দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা লি ছাং দোং। আর প্রত্যাবর্তনেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি।
তার নতুন সিনেমা ‘পসিবল লাভ’ ঘিরে এখন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা। ইতিমধ্যে ২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে সিনেমাটি।
গত অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর গত ৬ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘পসিবল লাভ’। ওটিটি প্ল্যাটফর্মে আসার পর সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছেছে। দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও পেয়েছে ব্যাপক প্রশংসা।
শ্রেণিবৈষম্য, সামাজিক অবস্থান ও মানুষের মনস্তত্ত্ব—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। এতে দেখা যায়, বিত্তবান এক নির্মাতা দম্পতি একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেন। তাদের তথ্যচিত্রের বিষয়বস্তু বন্ধ হয়ে যাওয়া একটি কারখানার শ্রমিক দম্পতির দৈনন্দিন জীবন।
কিন্তু এই কাজের মধ্য দিয়ে দুই দম্পতির সম্পর্ক ধীরে ধীরে জটিল ও অপ্রত্যাশিত মনস্তাত্ত্বিক রূপ নিতে শুরু করে। একপর্যায়ে তাঁদের পারস্পরিক সম্পর্ক, শ্রেণিগত অবস্থান এবং ব্যক্তিগত জীবন নতুন প্রশ্নের মুখোমুখি হয়।
সামাজিক বৈষম্যের এমন সূক্ষ্ম ও বাস্তবধর্মী চিত্রায়ণের কারণে অনেকেই সিনেমাটির সঙ্গে ২০১৯ সালের অস্কারজয়ী দক্ষিণ কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’-এর তুলনা করছেন।
সমালোচকদের প্রশংসাতেও এগিয়ে রয়েছে ‘পসিবল লাভ’। জনপ্রিয় চলচ্চিত্র পর্যালোচনা সাইট রটেন টম্যাটোসে সিনেমাটির ফ্রেশ রেটিং ৯৮ শতাংশ। অনেকেই একে ২০২৬ সালের অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করছেন।
প্রাসঙ্গিক:
রোলিং স্টোন ম্যাগাজিন সিনেমাটিকে ‘একটি ট্র্যাজেডি, একটি টাইম বোমা এবং ২০২৬ সালের সেরা সিনেমা’ হিসেবে বর্ণনা করেছে। দ্য ডেইলি বিস্টের চলচ্চিত্র সমালোচক নিক শ্যাগারের মতে, এটি হতে পারে বছরের সেরা চলচ্চিত্র। দ্য অবজারভারের সমালোচক ওয়েন্ডি আইডে সিনেমাটির বুদ্ধিবৃত্তিক গভীরতা ও অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে চলচ্চিত্র সমালোচক পিটার ট্রাভার্সও একে বছরের সেরা সিনেমাগুলোর একটি বলে অভিহিত করেছেন।
তবে সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ অভিনেত্রী জন দো ইয়োনের অভিনয়। তার পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। হলিউড রিপোর্টার ও ভোগ ম্যাগাজিনের পূর্বাভাস, ‘পসিবল লাভ’-এর জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন পেতে পারেন তিনি। সেটি হলে এই বিভাগে মনোনয়ন পাওয়া প্রথম দক্ষিণ কোরীয় অভিনেত্রী হবেন জন দো ইয়োন।
গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই তার অভিনয় প্রশংসিত হচ্ছে। উৎসব থেকে ‘পসিবল লাভ’ জিতে নেয় মর্যাদাপূর্ণ ‘সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ’ ও ‘ফিপ্রেসি প্রাইজ’।
সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রশংসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জন দো ইয়োন নিজেও। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত যে আমরা অস্কারের দৌড়ে আছি এবং মানুষ সিনেমাটি নিয়ে কথা বলছে। নেটফ্লিক্সে আসার পর আমি নিজেও সিনেমাটি আরেকবার দেখেছি। আমার কাছে মনে হয়, পসিবল লাভ এমন একটি সিনেমা, যা একেক দর্শকের মনে একেক রকম রেশ রেখে যায়। মানুষ চাইলে নিজেদের মতো করে অগণিত উপায়ে এর বিশ্লেষণ ও ব্যাখ্যা দাঁড় করাতে পারে। সিনেমাটি ভাবনার অনেক খোরাক জোগায়। সিনেমাটি নিয়ে দর্শকদের এত আলোচনা আর প্রশংসা শুনে আমি সত্যিই গর্বিত।’
সব মিলিয়ে আট বছর পর লি ছাং দোংয়ের প্রত্যাবর্তন শুধু দক্ষিণ কোরীয় চলচ্চিত্রেই নয়, আন্তর্জাতিক সিনেমার অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অস্কারের মঞ্চে ‘পসিবল লাভ’ কতটা সাফল্য পায়, এখন সেদিকেই তাকিয়ে চলচ্চিত্রপ্রেমীরা।