
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
শিক্ষা
প্রতিবেদক, যশোর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১

যশোর শিক্ষা বোর্ড। ফাইল ছবি
যশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা। এতে খুলনা বিভাগের ১০ জেলার ৩৯ হাজার ২২৭ পরীক্ষার্থী অংশ নেবেন। ফরমপূরণ কার্যক্রম শেষে পরীক্ষার্থীর এ সংখ্যা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয় ৫০ হাজার ৬৬৮। অকৃতকার্য হয় ৬২ হাজার ১২৪। তাদের মধ্যে এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে।
জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে খুলনা। এ জেলায় পরীক্ষায় অংশ নেবে সাত হাজার ৪৯৪ জন। এ ছাড়া যশোরে ছয় হাজার ২৭৫, বাগেরহাটে তিন হাজার ৪৫, সাতক্ষীরায় চার হাজার ২৯২, চুয়াডাঙ্গায় দুই হাজার ২৪৪, মেহেরপুরে এক হাজার ৩৩৩, কুষ্টিয়ায় চার হাজার ৯৪৯, নড়াইলে এক হাজার ৮১৩, ঝিনাইদহে পাঁচ হাজার ১০৬ এবং মাগুরায় দুই হাজার ৬৭৬ পরীক্ষার্থী অংশ নেবে।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী জানান, অধিকাংশ শিক্ষার্থীর ফরমপূরণ হয়েছে। আজ নতুন করে কিছু শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছে। এ ছাড়া পুনঃপরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ১০ জেলার প্রতিটি উপজেলায় কেন্দ্র করা হবে। ৩০০ থেকে ৫০০ শিক্ষার্থীর জন্য একটি কেন্দ্র করার সিদ্ধান্ত রয়েছে। সেই হিসেবে শিক্ষার্থী বিবেচনায় উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক কেন্দ্র করা হতে পারে। সে হিসেবে কেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
প্রাসঙ্গিক: