
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির চিহ্ন উপকূলজুড়ে। ছবি: সময় সংবাদ
বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১ এর পর্দা উঠছে আজ সোমবার (৯ নভেম্বর)। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলতে যাচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের বড় ভুক্তভোগী দেশটি।
বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাব ক্রমেই বাড়ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং উপকূলের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে চায় সরকার।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বহুমাত্রিক। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, ফসলি জমি ও অবকাঠামোর ক্ষতির পাশাপাশি নদীভাঙনে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা। অন্যদিকে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট বাড়ছে, ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। জীবিকার তাগিদে কেউ পেশা বদলাচ্ছেন, আবার কেউ এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন। ফলে জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, উপকূলের মানুষের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কপ-৩১ সম্মেলন সামনে রেখে ৩৪টি নাগরিক সমাজ সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত অবস্থানপত্রেও উঠে এসেছে বাংলাদেশের এই সংকট। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশে বছরে গড়ে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বার্ষিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ থেকে ২ শতাংশের সমান। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হতে পারেন ১ কোটি ৩৩ লাখ মানুষ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় খুবই সামান্য হলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়ছেন। অনেকের বসতভিটা ও ফসলি জমি নষ্ট হচ্ছে, সুপেয় পানির সংকট বাড়ছে। অথচ এসব ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতা সীমিত। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। এই অর্থ যেন ঋণ হিসেবে নয়, ক্ষতিপূরণ ও অনুদান হিসেবে আসে, সেটিও নিশ্চিত করা জরুরি।
এমন পরিস্থিতিতে কপ-৩১ সম্মেলনে ক্ষয়ক্ষতি তহবিলের পরিধি বাড়ানো, অর্থায়ন সহজ করা এবং উপকূলীয় জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর দাবি তুলতে চায় বাংলাদেশ। তবে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণের দাবি প্রতিষ্ঠা করতে উপকূলের ক্ষয়ক্ষতির আরও বেশি তথ্য-উপাত্ত ও দালিলিক প্রমাণ সংগ্রহ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি শুধু দুর্যোগের পর তাৎক্ষণিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে লবণাক্ততা, নদীভাঙন, কৃষি ও মৎস্য উৎপাদন হ্রাস এবং সুপেয় পানির সংকটের কারণে উপকূলের মানুষের যে ক্ষতি হচ্ছে, সেটিও যথাযথভাবে হিসাবের আওতায় আনতে হবে। কোন এলাকায় কী ধরনের ক্ষতি হচ্ছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কতটা, এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও দালিলিক প্রমাণ সংগ্রহ জরুরি। আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণের দাবি প্রতিষ্ঠা করতে হলে আবেগের পাশাপাশি বাস্তব তথ্য ও গবেষণাভিত্তিক প্রমাণ তুলে ধরতে হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি তহবিলের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে জলবায়ু ঝুঁকি, অভিযোজন পরিকল্পনা ও ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে নিজস্ব প্যাভিলিয়ন রাখছে সরকার। সেখানে বাংলাদেশের জলবায়ু সংকট, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাস্তবতা, অভিযোজন কার্যক্রম এবং অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি ন্যায্য অর্থায়নের বিষয়টি গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর প্রভাব মোকাবিলায় দেশটিকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য দাবিগুলো তুলে ধরা হবে। নিজস্ব প্যাভিলিয়নের মাধ্যমে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানোর বিষয়েও আলোচনা করা হবে।
তুরস্কের আনতালিয়া শহরে ৯ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। জলবায়ু পরিবর্তনে দায় কম হলেও ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশকে। তাই উপকূলের মানুষের নিরাপত্তা, পুনর্বাসন ও ভবিষ্যৎ সুরক্ষায় এবারের সম্মেলন থেকে ন্যায্য ক্ষতিপূরণ ও কার্যকর অর্থায়নের নিশ্চয়তা প্রত্যাশা করছে দেশটি।
প্রাসঙ্গিক: