
দুপুর পর্যন্ত বিদ্যুৎ পাবেন না সুনামগঞ্জের গ্রাহকরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ব্যক্তিরা। ছবি: সময় সংবাদ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয়দের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। বাকি ছয়জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শ্রীনাথপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের জগদীশ সিংয়ের মেয়ে শিবানী সিং (২৭), একই জেলার নাকশিপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) ও তার মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)।
তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটক বাংলাদেশিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া গ্রামের দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়া থানার রাজিহার গ্রামের অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদ থানার গণকপাড়া গ্রামের পূর্ণিমা মৃধা (২০), ঝিনাইদহের মহেশপুর থানার অনন্তপুর গ্রামের বশির মোল্লা (৩৬) ও ডাকাতিয়া উত্তরপাড়া গ্রামের তানজিল (৩৪)।
বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৬১-এর কাছে টহল পরিচালনা করে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতী নদীর বাঁশের সাঁকোর কাছ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ভারতীয় নাগরিকেরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং একইভাবে ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন। এ ঘটনায় মামলা দায়ের করে আটক ৯ জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।