
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০:৪৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির দৃশ্য। ছবি: সময় সংবাদ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচির মধ্যেই এবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন। সাজেক পর্যটন সড়ক অবিলম্বে সচল করা এবং পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সংগঠনটির সদস্যসচিব বিন্দু লাল চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) ৪৮ ঘণ্টার শান্তিপূর্ণ ও সর্বাত্মক গণতান্ত্রিক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১১, ১৫ ও ২২ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দলের মদদপুষ্ট সংগঠন ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ঘোষিত অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্থানীয় পর্যটন শিল্প ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অবরোধের কারণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায়ী, যানবাহন মালিক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, অবরোধের কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
তবে অবরোধ চলাকালে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসাসামগ্রী, গণমাধ্যম ও জরুরি খাদ্যদ্রব্য বহনকারী যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের যৌথ সভায় চলমান সড়ক অবরোধের আওতামুক্ত যানবাহনের তালিকায় নতুন করে কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষক-শিক্ষার্থীবাহী যান অন্তর্ভুক্ত থাকার ঘোষণা দেয়া হয়েছিল।
প্রাসঙ্গিক: