
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭:৫২

নদীর তীরে ও পানিতে ভাসছে প্রচুর পচা ইলিশ। তীব্র দুর্গন্ধে পুরো ঘাট এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
বাজারে ইলিশ এখন সাধারণ মানুষের অনেকেরই সাধ্যের বাইরে। সাধারণ ক্রেতারা চড়া দামে ইলিশ কিনতে যেখানে হিমশিম খাচ্ছেন, ঠিক তখন ভোলার চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেলে দেয়া হয়েছে ‘শত শত’ মণ ইলিশ।
মা ইলিশ রক্ষায় দেয়া সরকারি নিষেধাজ্ঞার সময়ে সাগরে বেআইনিভাবে শিকার করা এসব মাছ দীর্ঘদিন বরফ ছাড়া ট্রলারে আটকে রাখায় পচে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) সামরাজ মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, নদীর তীরে ও পানিতে ভাসছে প্রচুর পচা ইলিশ। পচা মাছের তীব্র দুর্গন্ধে পুরো ঘাট এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে নদীতে ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। তবে অভিযোগ উঠেছে, এই নিষেধাজ্ঞার মধ্যেই প্রভাবশালী একটি চক্রের সহায়তায় জেলেদের একাংশ গভীর সাগরে ইলিশ শিকার অব্যাহত রাখে। সাগরে দীর্ঘদিন অবস্থান ও বরফ সংকটের কারণে ট্রলারেই পচতে শুরু করে হাজার হাজার ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঘাটে এনে বিক্রির চেষ্টা করা হলে মাছগুলো বিক্রির একেবারেই অনুপযোগী দেখা যায়। ফলে বাধ্য হয়ে ঘাটেই তা ফেলে দেয়া হয়।
স্থানীয়দের দাবি, নষ্ট হওয়া এই ইলিশের পরিমাণ কয়েকশ মণ হবে। সামরাজ মৎস্যঘাটের সভাপতি তারেক আজিজ পাটওয়ারী বলেন, ‘নিষেধাজ্ঞার সময় সাগরে অবৈধভাবে মাছ শিকার করে দীর্ঘদিন ট্রলারে রেখে দেয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বরফ ছাড়া মাছ রাখা ও তা পচে যাওয়ার এই ঘটনা ইলিশের উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলবে।’
নিষেধাজ্ঞার সময় প্রভাবশালী সিন্ডিকেট এবং মৎস্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে মাছ শিকারের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাসঙ্গিক:
তবে বিপুল পরিমাণ ইলিশ নষ্ট হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবী নেতারা। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির ভোলা সদর উপজেলা সভাপতি মো. এরশাদ ফরাজি অভিযোগ করে বলেন, ‘ইলিশ সংরক্ষণের নামে মূলত মাছ ধ্বংস করা হয়েছে। মৎস্য বিভাগের চরম গাফিলতির কারণেই এমনটা ঘটেছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোন ট্রলারগুলো সাগরে গিয়ে মাছ ধরেছে, তা স্থানীয় মৎস্য কর্মকর্তা ভালো করেই জানতেন।’
তবে সব ধরনের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। তিনি বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘাটে প্রতিনিধি পাঠানো হয়েছে। মাছ পচে যাওয়ার মূল কারণ খতিয়ে দেখছে মৎস্য বিভাগ। তবে নিষেধাজ্ঞার মধ্যে মাছ ধরার তথ্য আগে থেকে জানা থাকার বিষয়টি সঠিক নয়।’