
ইনানীতে গ্যাসের আগুন জ্বলছেই, ২০০ মিটারে নিষেধাজ্ঞা

যশোরে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নুরুল ইসলাম নয়ন। ছবি: সময় সংবাদ
একটি কুচক্রী মহল সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, ওই চক্র জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে এক কথা বলে, আর পার্লামেন্টের বাইরে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, জ্বালানি তেলের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও তা সরকারের ইচ্ছাকৃত নয়। এই সুযোগটাকে গ্রহণ করছে বিরোধীরাসহ ষড়যন্ত্রকারীরা। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো।
বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণ আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের আগে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহারকে সফল করার চেষ্টা করছেন।
যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি—উভয় শ্রেণির নাগরিকই বর্তমান সরকারের আমলে সমানভাবে নিরাপদ থাকবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, আগামী দিনে আমরা সরকারকে যেমন সহায়তা করব, একইভাবে রাজপথেও সতর্ক থাকব—যাতে এই সরকারের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করছে, তাদের আমরা রুখে দিতে পারি।
যশোর জেলা যুবদলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু প্রমুখ।