
যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫২

ফারজানা ইসলাম। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারজানা ইসলাম নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যৌতুকের দাবিতে নির্যাতন করে পরিকল্পিতভাবে ফারজানাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
ফারজানার ভাই আরিফুল ইসলাম অভিযোগ করেন, গত প্রায় তিন বছর আগে নাজমুল ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো। নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে। এক পর্যায়ে অর্থের জন্য চাপ দেয়ার পাশাপাশি ফারজানার উপর নির্যাতনও চলতে থাকে।
তিনি আরও জানান, নির্যাতন সহ্য করতে না পেরে গত বছর ২০২৫ সালের ডিসেম্বর মাসে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলাও করেন। সম্প্রতি দুই পরিবারের সমঝোতায় মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেয়া হলে ফারজানা স্বামীর ভাড়া বাসায় চলে যান।
আরিফুল অভিযোগ করেন, ঘটনার দিন শনিবার সন্ধ্যায় ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল। তখন ফারজানার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ফারজানার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গাজী সুমন মাহতাব জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। পরবর্তীতে সে অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পারিবারিক কলহ থেকে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।