
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
শাতিলা শারমিন
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৯

শেখ হাসিনা। ফাইল ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কথিত দুটি শর্তে–সামরিক বাহিনীর মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং নতুন করে আপিলের মাধ্যমে বিচার প্রক্রিয়ার নিশ্চয়তার–বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। তবে এ নিয়ে এখন পর্যন্ত ঢাকা বা দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ী এর সমাধান হবে। পাশাপাশি আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত চিঠি ঘিরেও নানা জল্পনা চলছে।
তবে রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারত সহজেই শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না। কথিত এসব শর্তকে তারা দুই দেশের মধ্যকার কূটনৈতিক দর-কষাকষির অংশ হিসেবেই দেখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান মনে করেন, ভূরাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্ত নেবে না।
তিনি বলেন, ভারত এমন কোনো বার্তা দিতে চাইবে না যে তাদের মিত্ররা বিপদে পড়লে তারা পাশে দাঁড়াবে না। তাই শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ।
কথিত দুই শর্তের বাস্তবায়নযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান। তার মতে, সামরিক বাহিনীর মাধ্যমে কাউকে ফিরিয়ে আনা একটি বেসামরিক সরকারের পক্ষে বেশ কঠিন। এ ছাড়া নতুন করে আপিলের সুযোগ দিতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে আবারও সংশোধনী আনতে হবে এবং সে অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা বাস্তবে বেশ জটিল। তিনি এসব শর্তকে দুই দেশের মধ্যকার দর-কষাকষির একটি অংশ হিসেবেই দেখছেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. শাহাব এনাম খান মনে করেন, শেখ হাসিনাকে উড়োজাহাজে বা সামরিক পন্থায় ফিরিয়ে আনা হবে কি না–এসব আলোচনা অনেকটাই জনপরিসরের কথাবার্তা বা ‘পাবলিক রেটোরিক’। যতক্ষণ পর্যন্ত কূটনৈতিক বা রাজনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে সরাসরি কোনো স্পষ্ট চিঠি বা বার্তার আদান-প্রদান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসব বিষয়কে কেবলই জল্পনা হিসেবে দেখতে হবে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি আইনি প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু।
এ বিষয়ে অধ্যাপক শাহাব এনাম খান বলেন, প্রত্যর্পণের ক্ষেত্রে যদি রাজনৈতিক নিপীড়ন বা আইনি অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে আশ্রয়দাতা দেশ স্বাভাবিকভাবেই কাউকে ফেরত না-ও দিতে পারে। তাই বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কী ধরনের আলোচনা ও সমঝোতা হয়, তার ওপর।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তার প্রত্যর্পণ চেয়ে একাধিকবার দিল্লির কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ঢাকা। তবে এখন পর্যন্ত বাংলাদেশের সেই অনুরোধে সম্মতি দেয়নি ভারত।