
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৭:২

বৈদ্যুতিক ট্রেনের প্রোটোটাইপ
জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। উচ্চ ব্যয় ও জমি অধিগ্রহণের জটিলতায় ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে সরকার এখন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর পথে হাঁটছে।
রেল কর্তৃপক্ষ মনে করছে, দেশের রেল যোগাযোগ আধুনিকায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনের গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে আসবে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রক্রিয়ায় কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও তৈরি হবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আধুনিক এই বৈদ্যুতিক ট্রেনের গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রাম রুট যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর ও বাণিজ্যিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। এই রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং পরিচালন ব্যয় ও যাতায়াতের সময় কমে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটকে নির্বাচন করা হয়েছে। পাইলট প্রকল্পটি এরইমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আর আমদানি করা সরঞ্জামের অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করে ২০২৮ সালের মাঝামাঝি থেকে পুরোদমে নির্মাণকাজ শুরু করা হবে।
পাইলট প্রকল্পের আওতায় ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে প্রান্তিক স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘোরানো বা দিক পরিবর্তনের জন্য সময় নষ্ট হবে না এবং নিয়মিত বিরতিতে দ্রুত ট্রেন চালানো সম্ভব হবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট পরিবহনকৃত কনটেইনারের মাত্র ৩ শতাংশ। গাজীপুরের ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণ প্রকল্পের মাধ্যমে রেলপথে কনটেইনার পরিবহন বছরে সাড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য নেয়া হয়েছে। বৈদ্যুতিক ট্রেন চালু হলে এই পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে।
বৈদ্যুতিক ট্রেন চলাচলের উপযোগী অবকাঠামো তৈরিতে এরইমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু করেছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে এবং টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের কথা মাথায় রেখে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে।
রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগে ঢাকা-চট্টগ্রাম রুটে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর যে পরিকল্পনা নেয়া হয়েছিল, তা বাস্তবায়নে আনুমানিক আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতো। পাশাপাশি ঘনবসতিপূর্ণ ও কৃষিপ্রধান এই অঞ্চলে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করাও ছিল বড় চ্যালেঞ্জ। তাই খরচ ও বাস্তবতা বিবেচনায় সরকার তুলনামূলক সাশ্রয়ী ও আধুনিক এই বৈদ্যুতিক ট্রেন প্রকল্পকেই অগ্রাধিকার দিচ্ছে।