
এবার কেমন পড়বে শীত, যা বলছে আবহাওয়া দফতর
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৬:১০

মাটির নিচে পাইপলাইন ছিদ্র করে এভাবেই হোসপাইপ ও ভালভের মাধ্যমে চুরি করা হতো তেল। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্র জানায়, বুধবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির গেটসংলগ্ন স্থানে পাইপলাইন ছিদ্র করে তেল চুরির বিষয়টি শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এসময় পাইপলাইনের আশপাশে পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে তারা সরে যাওয়ার চেষ্টা করেন।
পরে অনুসন্ধানে পাইপলাইনে বিশেষ কৌশলে ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত ৬ ইঞ্চি ব্যাসের ক্ল্যাম্প, ১ ইঞ্চি জিআই পাইপ ও দুটো বলভালভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে জিটিসিএল। ওই ইউপি সদস্যের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটো বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে বিশেষভাবে তৈরি দুটো গোপন ট্যাংকেরও সন্ধান পাওয়া যায়।
জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে তাদের অভিযোগ।
প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। চুরি হওয়া কনডেনসেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।
জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, ‘বিশেষ সরঞ্জামের সাহায্যে পাইপলাইনে ছিদ্র করে কনডেনসেট বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা হয়েছে।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, কনডেনসেট চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মূল অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ পাইপলাইন ছিদ্র করে বিপুল পরিমাণ কনডেনসেট চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জ্বালানি সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন মহল।