
যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা হাসপাতালে
প্রতিবেদক, খুলনা
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২২:১৩

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী প্রস্তুতি দেখতে খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী প্রস্তুতি দেখতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রথম আসরে নিবন্ধনের সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী বছরের মে অথবা জুনের মধ্যে চূড়ান্ত পর্ব শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই এ আয়োজন বলে জানান আমিনুল হক। তিনি বলেন, নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না। প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁদের পড়াশোনার দায়িত্বও সরকার বহন করবে।
খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ির আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আনবে। বর্তমান প্রজন্মকে খেলাধুলার দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।
খুলনার ক্রীড়া অবকাঠামো নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত ক্রীড়া বর্ষপঞ্জি অনুযায়ী আগামী জানুয়ারি থেকে জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলা চলবে।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি’র উদ্বোধনী আয়োজন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে সভায় হুইপ রকিবুল ইসলাম, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।